এ.টি.এম. হুমায়ুন কাদির, নান্দাইল (ময়মনসিংহ)
আজ ১ নভেম্বর ২০২৫, রোজ শনিবার নান্দাইল উপজেলায় সকাল সাড়ে ১১টার দিকে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জনাব রেবেকা সুলতানা এবং সভাপতিত্ব করেন উপজেলা সমাজ সমবায় কর্মকর্তা জনাবা সাবিরা খান।
সকাল সাড়ে ১১টায় উপজেলা চত্বরে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়। এরপর একটি বর্ণাঢ্য র্যালি নিয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ করা হয়।
আরও পড়ুন:
উপজেলা হলরুমে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের পরবর্তী কার্যক্রম শুরু হয়।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা সাবিরা খান। তিনি বলেন, নান্দাইল উপজেলা সমবায় অফিসের আওতায় ৪২টি নিবন্ধনকৃত সমিতি আছে, যার সদস্য সংখ্যা প্রায় ৫,০০০। সমিতির মাধ্যমে সমাজে ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি হচ্ছে; কুটির শিল্প ও মৎস্য চাষের মাধ্যমে অনেক যুবক-যুবতী নিজেদের আত্মকর্মসংস্থান সৃষ্টি করছে এবং বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হয়ে স্বনির্ভর হচ্ছে।

বিভিন্ন সমিতির পক্ষ থেকে কনকচাঁপা সমিতির কোষাধ্যক্ষ জনাবা আফরোজা শিউলি বলেন, সমিতির মাধ্যমে ক্ষুদ্রঋণ নিয়ে সদস্যরা আত্মনির্ভর হচ্ছে। তিনি আরও বলেন, আমরা করোনাকালে মাস্ক বিতরণ, ত্রাণ বিতরণ ও গাছের চারা বিতরণের মাধ্যমে সামাজিক কাজে অংশগ্রহণ করেছি। আর্থিক সহায়তা পেলে উদ্যোক্তারা সমাজে কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছাতে পারবে।
আমন্ত্রিত অতিথি হিসেবে সাংবাদিক এনামুল হক বাবুল বলেন, সমবায়ের মাধ্যমে বিআরডিবির সমিতিগুলো সচল করা গেলে নিজেদের ও সমষ্টিগত উন্নয়নে ভূমিকা রাখা সম্ভব।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এই বছরের সমবায়ের প্রতিপাদ্য হলো — “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়।”
তিনি বলেন, সবাই মিলে মিশে কাজ করলে সফলতা বেশি আসে। ক্ষুদ্র ব্যবসা, কুটির শিল্প ও মৎস্য চাষের প্রশিক্ষণ নিয়ে সমবায়ের মধ্যে সংগঠন তৈরি করা গেলে আত্মনির্ভরশীল হওয়া সহজ হবে। আমরা যেন আত্মনির্ভর হয়ে সমাজ ও দেশের কল্যাণে কাজ করতে পারি, সে দিকে লক্ষ্য রাখতে হবে।
শেষে উপজেলা সমবায় কর্মকর্তা সকল মিডিয়া সাংবাদিক ও বিভিন্ন সমবায় সমিতি থেকে আগত সদস্যদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।








