শেরপুর প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার আমবাগান সীমান্ত এলাকা থেকে জালনোটসহ মেহেদী হাসান নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২১টি এক হাজার টাকার জালনোট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মেহেদী হাসান উপজেলার মধ্যমকুড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, সীমান্তে জালটাকা পাচারের তথ্যের ভিত্তিতে গোপন সংবাদের ওপর অভিযান চালায় পুলিশ। আমবাগান এলাকায় অভিযান চালিয়ে মেহেদীকে গ্রেপ্তার করা হলেও তার অপর দুই সহযোগী পালিয়ে যায়। পরে মেহেদীর শরীর তল্লাশি করে এক হাজার টাকা মূল্যমানের ২১টি জালনোট উদ্ধার করা হয়।
নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা বলেন, মেহেদীর কাছ থেকে ২১টি জালনোট উদ্ধার করা হয়েছে। জব্দকৃত নোটগুলো অত্যন্ত নিখুঁতভাবে তৈরি করা হয়েছে; স্বাভাবিকভাবে দেখে জাল শনাক্ত করা কঠিন। এ ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রোববার (৯ নভেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হবে।
এর আগে শেরপুরে শাহিনা বেগম নামের এক নারী পোস্ট অফিসের মাধ্যমে জালটাকা পান। পরে এ বিষয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হলে বাংলাদেশ ব্যাংক নির্দেশনা জারি করে।








