রাজশাহী প্রতিনিধি
রাজশাহীর বাগমারা উপজেলায় চাঁদা না দেওয়ায় এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে তাঁতী দলের এক নেতার বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের চাঁইসাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মারধরে আহত নারায়ণ ভবানী (৫৫) বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
ঘটনার পর অভিযুক্ত নেতাকে গ্রেপ্তারের দাবিতে শতাধিক গ্রামবাসী থানায় অবস্থান নেন। পরে পুলিশ গ্রেপ্তার ও নিরাপত্তার আশ্বাস দিলে তারা সরে যান।
অভিযুক্ত নবাব হোসেন ওরফে বাচ্চু (৩০) জাতীয়তাবাদী তাঁতী দলের গোবিন্দপাড়া ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক। তার বাড়িও চাঁইসাড়া গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক সপ্তাহ আগে নবাব হোসেন নারায়ণ ভবানীর কাছে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করেন। তখন তিনি টাকা দিতে অপারগতা জানান। মঙ্গলবার দুপুরে চালকল থেকে বাড়ি ফেরার পথে নবাব তার গতিরোধ করে টাকার হিসাব চান। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে নারায়ণকে মারধর করে চলে যান। পরে গ্রামবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনার প্রতিবাদে হিন্দু সম্প্রদায়ের শতাধিক নারী-পুরুষ ২০ কিলোমিটার দূরে বাগমারা থানায় গিয়ে অবস্থান নেন। তারা নবাব হোসেনের গ্রেপ্তার ও নিজেদের নিরাপত্তার দাবি জানান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যাশায়ী নারায়ণ ভবানী বলেন,
‘নবাব হোসেন খুব খারাপ লোক। তার হাতে সবসময় অস্ত্র থাকে। মামলা করতে ভয় পাচ্ছি। শহরে রেখে ছেলেকে লেখাপড়া করাই। গ্রামে সচ্ছল থাকায় আমি তার চাঁদার টার্গেট হয়েছি।’
গ্রামবাসীর অভিযোগ, নবাব হোসেন উপজেলা বিএনপির এক শীর্ষ নেতার ঘনিষ্ঠ ক্যাডার। তার নির্দেশেই চাঁদাবাজি, দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালান তিনি।
অভিযোগের বিষয়ে নবাব হোসেনের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন,
‘এ ঘটনায় মামলা নেওয়ার প্রক্রিয়া চলছে। নবাবের বিরুদ্ধে আগেও অভিযোগ রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে। একই সঙ্গে গ্রামবাসীর নিরাপত্তার বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে।’








