,

জামায়াতের আয়োজনে দুর্গাপুরে যুব ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

জাহিদুল ইসলাম, দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে রাজশাহীর দুর্গাপুরে এক যুব ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে উপজেলার রাতুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ২নং কিসমত গণকৈড় ইউনিয়নের উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলার সহকারী সেক্রেটারি ও (পুঠিয়া-দুর্গাপুর) আসনের মনোনীত এমপি পদপ্রার্থী মুহাম্মদ নূরজ্জামান লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা আমীর মাস্টার মোঃ সাইফুল ইসলাম।
ইউনিয়ন সেক্রেটারি আব্দুল আজিজের সঞ্চালনায় সমাবেশের সভাপতিত্ব করেন ইউনিয়নের ভারপ্রাপ্ত আমীর মোঃ আঃ গাফফার সরকার।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ নূরজ্জামান লিটন বলেন, “ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এখানে ধনী-গরিব, নারী-পুরুষের মধ্যে কোনো বৈষম্য নেই। আমরা ক্ষমতায় এলে যুবকদের অনলাইন জুয়া থেকে ফিরিয়ে এনে কারিগরি শিক্ষার মাধ্যমে স্বাবলম্বী করে তুলবো। অথচ আজও দেশ দুর্নীতির কবলে জর্জরিত। প্রতিনিয়ত গুদামে গুদামে পচা চাল ধরা পড়ছে, কিন্তু দায়ীদের দায়িত্বে আনা হচ্ছে না। জনগণ জানতে চায়—এমন দুর্নীতি থেকে মুক্তি কবে মিলে?”

বিশেষ অতিথি মাস্টার মোঃ সাইফুল ইসলাম বলেন, “আগামী নির্বাচনে সবাইকে জামায়াতে ইসলামীকে ভোট দিয়ে ইসলামী ঐক্য গড়ে তুলতে হবে। জামায়াত শুধু রাজনীতি করে না, বরং ইসলামী ব্যাংকের মতো সফল প্রতিষ্ঠান পরিচালনা করছে, যা এশিয়ার শীর্ষ ব্যাংকের স্বীকৃতি পেয়েছে। ইসলামী হাসপাতালও দক্ষতার সঙ্গে মানুষের সেবা দিয়ে যাচ্ছে। তাই যুব সমাজকে সঠিক দিকনির্দেশনা দিতে হলে আমাদেরই এগিয়ে আসতে হবে।”

সভাপতির বক্তব্যে মোঃ আঃ গাফফার সরকার বলেন, “সমাজ থেকে অবিচার ও দুর্নীতি দূর করতে হলে ইসলামি আন্দোলনের কোনো বিকল্প নেই। সৎ ও যোগ্য নেতৃত্বকে সমর্থন জানানো এখন সময়ের দাবি।”

বক্তারা আরও বলেন, ইসলামি আন্দোলনই দেশকে সত্যিকারের কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে পারে। এজন্য সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি মাস্টার মোঃ শামীম উদ্দিন, পৌর আমীর মোঃ নুর আলম ও দায়িত্বশীল ব্যক্তিবর্গসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বিশেষ করে তরুণ প্রজন্মের বিপুল উপস্থিতি সমাবেশকে প্রাণবন্ত করে তোলে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ