শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

দুর্গাপুরে প্রবাসী মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে রাস্তার সংস্কার

জাহিদুল ইসলাম, দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর দুর্গাপুর উপজেলার ৬নং মাড়িয়া ইউনিয়নের কাশিমপুর গ্রামে দীর্ঘদিনের রাস্তাঘাটজনিত দুর্ভোগ নিরসনে এগিয়ে এসেছে প্রবাসী মানবিক ফাউন্ডেশন। বহুদিনের চলাচলের অনুপযোগী এ রাস্তার কারণে ভোগান্তিতে ছিলেন প্রায় তিন শতাধিক পরিবার ও আশপাশের কয়েকটি গ্রামের হাজারো মানুষ। জীবিকা নির্বাহের অন্যতম প্রধান এই রাস্তা অবশেষে সংস্কারের আওতায় আসায় স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মধ্যে।

স্থানীয়রা জানান, এতদিন রাস্তার কারণে কৃষিপণ্য বাজারে নেওয়া থেকে শুরু করে জরুরি প্রয়োজনে চলাচল পর্যন্ত ভীষণ সমস্যার মুখে পড়তে হতো। বর্ষাকালে কাদা ও পানিতে ডুবে যাওয়া রাস্তাটি ছিল এলাকার মানুষের দুর্দশার অন্যতম প্রধান কারণ।

মানুষের কষ্ট লাঘবে এগিয়ে আসেন প্রবাসী মানবিক ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম। নিজ উদ্যোগে রাস্তা সংস্কারের কাজ শুরু করেন তিনি। তার এই মানবিক উদ্যোগকে এলাকাবাসী আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন।

শহিদুল ইসলাম বলেন, “মানুষের কষ্ট দেখেই আমি উদ্যোগ নিয়েছি। আমার সামর্থ্যের মধ্যে থেকে সবসময় চেষ্টা করি গ্রামের মানুষের পাশে থাকতে। ইনশাআল্লাহ ভবিষ্যতেও এভাবে মানবিক কাজে যুক্ত থাকতে চাই।”

দোয়ার মাধ্যমে রাস্তা সংস্কার কাজের সূচনা করা হয়। দোয়া পরিচালনা করেন দারুস সালাম কামিল মাদ্রাসার সহযোগী অধ্যাপক মুফতি জাকারিয়া হাবিবি।

এসময় বক্তব্য রাখেন ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুল ইসলাম ও বিএনপির সাবেক মেম্বার ড. জেহের আলী। তারা শহিদুল ইসলামের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের কাজ এলাকাবাসীর মধ্যে ঐক্যের প্রতীক হিসেবে কাজ করবে। এছাড়াও উপস্থিত ছিলেন থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক ওহাব আলী ও মাওলানা মো. সাকিবুল হাসান।

গ্রামবাসীরা জানান, এ রাস্তাটি তাদের দীর্ঘদিনের ভোগান্তির মূল কারণ। তাই তারা সরকারের কাছে দ্রুত দুই কিলোমিটার রাস্তা পাকা করার দাবি জানান।

একই দাবি জানান প্রবাসী মানবিক ফাউন্ডেশনের চেয়ারম্যান শহিদুল ইসলামও। তিনি বলেন, “রাস্তা যদি পাকা করা হয় তবে এ অঞ্চলের মানুষ যেমন দুর্ভোগ থেকে মুক্তি পাবে, তেমনি শিক্ষার্থী, কৃষক ও কর্মজীবীরা স্বস্তিতে চলাচল করতে পারবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ