শনিবার, ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

দুর্গাপুরে হোজা নদী রক্ষায় মানববন্ধন

জাহিদুল ইসলাম, দুর্গাপুর (রাজশাহী)

রাজশাহীর দুর্গাপুরে “হোজা নদী রক্ষা, দখল ও দূষণমুক্ত রাখি” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১১টায় দুর্গাপুর উপজেলার হোজা নদীর উপর অবস্থিত দুর্গাপুর ব্রিজ এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, একসময় হোজা নদী ছিল দুর্গাপুরসহ আশপাশের মানুষের জীবিকা, কৃষি ও পরিবেশের প্রাণ। কিন্তু এখন এই নদী দখল, দূষণ ও বর্জ্য ফেলার কারণে ধীরে ধীরে মৃতপ্রায় হয়ে পড়েছে। বক্তারা অবিলম্বে নদী দখলমুক্ত করা, দূষণ নিয়ন্ত্রণ ও নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্গাপুর উপজেলা বাপার সভাপতি একে এম মোহাইমিনুল হক রেন্টু। সাধারণ সম্পাদক মো. রাক্তিবুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাপা কেন্দ্রীয় কমিটির সদস্য মো. জামাত খান।

এছাড়া উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বাপার সভাপতি অব. অধ্যক্ষ মাহমুদ হোসেন, সাধারণ সম্পাদক মোসা. সেলিনা বেগম, ভারপ্রাপ্ত সহ-সভাপতি প্রভাষক মো. জুয়েল কিবরিয়া, গ্রীন ভয়েস রাজশাহীর সভাপতি মোসা. রাবেয়া খাতুন, কোষাধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম এবং নির্বাহী সদস্য মোসা. রাশেদা পারভীন প্রমুখ।

বক্তারা আরও বলেন, হোজা নদী শুধু একটি জলাধার নয়, এটি দুর্গাপুর অঞ্চলের পরিবেশ, কৃষি ও জীববৈচিত্র্যের অবিচ্ছেদ্য অংশ। তাই নদী রক্ষায় স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে টেকসই উদ্যোগ গ্রহণ করতে হবে।

মানববন্ধন শেষে নদী রক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে বক্তারা হোজা নদীকে পুনর্জীবিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ