জাহিদুল ইসলাম, দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর দুর্গাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গামছা ডালিম (৩৫) নামে এক কণ্ঠশিল্পী ও ইলেকট্রিশিয়ান মারা গেছেন। তিনি দুর্গাপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হরিপুর গ্রামের আয়ুব আলীর ছেলে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে উপজেলার শ্রীপুর গ্রামে একটি গভীর নলকূপে (ডিপ টিউবওয়েল) বৈদ্যুতিক মেরামতের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, কাজের একপর্যায়ে ব্যবহৃত একটি লোহার মই বিদ্যুতায়িত হয়ে গেলে ডালিম বিদ্যুৎস্পৃষ্ট হন এবং সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন। তাকে দ্রুত উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়ভাবে ‘গামছা ডালিম’ নামে পরিচিত এ কণ্ঠশিল্পী জনপ্রিয় ছিলেন গান পরিবেশনের জন্য। জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে তিনি ইলেকট্রিকের কাজ করতেন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।








