শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মানহানিকর ভিডিও প্রচারের প্রতিবাদে শ্রমিক দল নেতার সংবাদ সম্মেলন

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর দুর্গাপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচারিত একটি মিথ্যা ভিডিওর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের দুর্গাপুর পৌর শাখার সাধারণ সম্পাদক মো. রিপন। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে দুর্গাপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে রিপন জানান, গত ১৬ অক্টোবর স্থানীয় একটি ঘটনায় উদ্দেশ্যমূলকভাবে বিকৃত তথ্য দিয়ে একটি ভিডিও ধারণ করা হয়। পরে ১৭ অক্টোবর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে তাঁকে ও তাঁর দলকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হয়।

তিনি অভিযোগ করে বলেন, যুবদল নেতা মো. মানিক আলীর নেতৃত্বে একটি পক্ষ দীর্ঘদিন ধরে সায়বাড়ি এলাকার জমি সংক্রান্ত বিষয়ে ষড়যন্ত্র করে আসছে। ওই দিনও (১৬ অক্টোবর) একই উদ্দেশ্যে পরিকল্পিতভাবে উত্তেজনা সৃষ্টি করে ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

রিপন আরও জানান, এলাকায় জমি লেনদেন সংক্রান্ত বিষয়ে তাঁকে অন্যায়ভাবে জড়ানোর চেষ্টা চলছে। তিনি বলেন, “এই ভিডিওর মাধ্যমে আমাকে ও আমার সভাপতি আবুল কালাম আজাদের মানহানি করা হয়েছে। এটি সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।”

সংবাদ সম্মেলনে তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

শেষে রিপন বলেন, “আমরা এই গুজব, মিথ্যা প্রচারণা ও মানহানিকর ঘটনার তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটনের আহ্বান জানাই।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ