,

রাজশাহীতে ডিজিটাল উপায়ে ট্রাফিক জরিমানা আদায়

পথে প্রান্তরে ডেস্ক 

রাজশাহীতে ট্রাফিক মামলার জরিমানা আদায় আরও সহজ, স্বচ্ছ ও আধুনিক করতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৪টায় রাজশাহীর গ্র্যান্ড রিভারভিউ চাইনিজ রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে এ চুক্তি বিনিময় হয়। এতে আরএমপি’র পক্ষে কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান এবং কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) জনাব কিমিয়া সাআদত অংশ নেন। এসময় রাজশাহী রেঞ্জের ডিআইজি জনাব মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষরের পর পুলিশ কমিশনার আনুষ্ঠানিকভাবে কার্যক্রম উদ্বোধন ঘোষণা করে বলেন, “ট্রাফিক মামলার জরিমানা প্রদানের ক্ষেত্রে গ্রাহক হয়রানি কমানো, ভোগান্তি লাঘব এবং স্বচ্ছতা নিশ্চিত করতেই এ উদ্যোগ। নগদের পাশাপাশি এখন থেকে কমিউনিটি ব্যাংকের ডেবিট-ক্রেডিট কার্ড ও বিকাশের মাধ্যমে জরিমানা পরিশোধ করা যাবে। এতে ট্রাফিক ব্যবস্থাপনা আরও গতিশীল হবে।”

এর আগে সকালে রাজশাহীর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে “ই-ট্রাফিক পরিচালনা ও জরিমানা আদায়” কার্যক্রম সহজীকরণে পুলিশ কর্মকর্তাদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এছাড়া একই দিনে জেলা পুলিশের সঙ্গেও অনুরূপ চুক্তি স্বাক্ষরিত হয়। রাজশাহী জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার জনাব ফারজানা ইসলাম চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে আরএমপি’র উপ-পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত জনাব মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মো: নূর আলম সিদ্দিকীসহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমিউনিটি ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হেড অব করপোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম, হেড অব কার্ড জনাব জহির আহমেদ এবং হেড অব এডিসি ও এমডি’স কো-অর্ডিনেশন টিমের প্রধান জনাব মো: মামুন উর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই ডিজিটাল উদ্যোগের ফলে রাজশাহীতে ট্রাফিক জরিমানা আদায় আরও সহজ, দ্রুত ও জনবান্ধব হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ