জাহিদুল ইসলাম, দুর্গাপুর (রাজশাহী)
রাজশাহীর দুর্গাপুরে থানা পুলিশের উদ্যোগে ‘ওপেন হাউজ ডে’ উপলক্ষে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩ সেপ্টেম্বর (বুধবার) সকাল ১০টায় দুর্গাপুর থানা প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম। তিনি ট্রাফিক আইন মেনে চলা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ, নারী ও শিশুর প্রতি নির্যাতন বন্ধ, অপহরণ প্রতিরোধ, ইভটিজিং মোকাবিলা, নিরাপদ ইন্টারনেট ব্যবহার, মাদক সেবন প্রতিরোধ এবং কিশোর গ্যাং নির্মূলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া সার্কেল অফিসার কুদরত-ই-খোদা শুভ। সভায় সভাপতিত্ব করেন দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম।
এ ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় অংশ নেন।
মতবিনিময় সভার আলোচনায় বক্তারা সবাইকে একসাথে কাজ করে একটি সচেতন, নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তোলার আহ্বান জানান।








