বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহীর দুর্গাপুরে ব্রিজে দোকান বসিয়ে ফুটপাত দখল

জাহিদুল ইসলাম, দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর দুর্গাপুর পৌর এলাকার প্রাণকেন্দ্রে অবস্থিত ব্রিজটি এখন যেন ছোটখাটো হাটবাজারে পরিণত হয়েছে। ব্রিজের দুই পাশে প্রায় পাঁচ ফুট জায়গা অবৈধ দোকানিদের দখলে। প্রায় আট মাস আগে প্রশাসনের পক্ষ থেকে ব্রিজে সাইনবোর্ড টাঙিয়ে বিশেষ সতর্কবার্তা দেওয়া হলেও তা কার্যকর হয়নি। বরং আগের তুলনায় ব্রিজে দোকানপাটের সংখ্যা বেড়েছে।

দুর্গাপুর বাজারে প্রতি রবিবার ও বুধবার সাপ্তাহিক হাট বসে। বিশেষ করে এসব দিনে ব্রিজের ফুটপাত ও নিচের রাস্তা ঘিরে অবৈধ দোকান বসানো হয়, ফলে পথচারীদের চলাচল কঠিন হয়ে পড়ে। জনসমাগমে সৃষ্টি হয় যানজট ও দুর্ঘটনার আশঙ্কা। এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের নীরব ভূমিকার কারণে এই সমস্যার ব্যাপকতা দিন দিন বাড়ছে।

দুর্গাপুর বাজারের একাধিক পথচারী জানান, ফুটপাত মূলত সাধারণ মানুষের হাঁটার জন্য হলেও সেখানে এখন দোকান বসে। ভবিষ্যতে ব্রিজের নিচের রাস্তাও চলাচলের অনুপযোগী হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।

পথচারী সোহেল রানা বলেন, “ব্রিজের ওপর দোকান বসার কারণে হাটের দিন মেডিকেল মোড় থেকে জিয়া চত্বর পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে সাধারণ মানুষ, শিক্ষার্থী, কৃষক ও চাকরিজীবীরা ভোগান্তিতে পড়েন। প্রশাসনের সঠিক নজরদারি থাকলে এ সমস্যাগুলো হতো না।”

ব্রিজের ওপর ফুটপাত দখলকারী এক ব্যবসায়ী বলেন, “সবাই দোকান বসিয়েছে, তাই আমিও বসিয়েছি। জানি সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে। তবে আমাদের জন্য যদি নির্দিষ্ট দোকান বসানোর জায়গা থাকত, তাহলে এই সমস্যাগুলো হতো না।”

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, “বিষয়টি আমার নজরে এসেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে, যাতে ব্রিজে মানুষের চলাচলে আর অসুবিধা না হয়।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন বলেন, “ব্রিজে সাইনবোর্ড টাঙিয়ে নির্দেশনা দেওয়া হয়েছিল। তারপরও দোকান ও অবৈধ পার্কিং নিয়ে অভিযোগ পাচ্ছি। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং দ্রুত সমাধান করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ