রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর দুর্গাপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মানহানিকর ও উদ্দেশ্যমূলক অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় এক বিএনপি কর্মী ও ব্যবসায়ী।
শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়নের পারিলা প্রগতি ক্লাব চত্বরে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী বিএনপি কর্মী ও শোরুম ব্যবসায়ী মুশফিকুর রহমান মেহেদী।
তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগপন্থী একটি মহলের মদদে স্থানীয় আলামিন হক বিজয় নামের এক ব্যক্তি ফেসবুকে তার এবং স্থানীয় বিএনপির শীর্ষ নেতাকর্মীদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মানহানিকর তথ্য প্রচার করে আসছেন। এসব তথ্য সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়াও বিভিন্ন ব্যক্তি, অফিস ও অনলাইন মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে, যা বিভ্রান্তি তৈরি করছে।
মুশফিকুর রহমান বলেন, “আমি ছাত্রজীবন থেকে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। এমনকি আমার পরিবারের কেউ কখনো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল না—এ কথা আমি চ্যালেঞ্জের সঙ্গেই বলছি। কেউ প্রমাণ দিতে পারলে আমি রাজনীতি ছাড়বো।”
তিনি আরও বলেন, “আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে বলা হচ্ছে, আমি নাকি বিয়েতে আওয়ামী লীগ নেতাদের দাওয়াত দিয়েছি। অথচ আমার বিয়েতে সাতজন অতিথিও ছিল না। রাজনৈতিক উদ্দেশ্যে এসব মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে।”
তিনি অভিযোগ করেন, তার ব্যবসা প্রতিষ্ঠান ও কর্মচারীদের বিরুদ্ধেও অপপ্রচার চালানো হচ্ছে। তার কর্মচারীদের সঙ্গে তোলা ছবি ব্যবহার করে বেনামী পত্রিকায় বিভ্রান্তিকর সংবাদ ছাপানো হয়েছে। এসবের পেছনে রয়েছে একটি বিশেষ মহল, যারা রাজনৈতিকভাবে তাকে হয়রানি করতে চায়।
তিনি উল্লেখ করেন, “২০২৩ সালের ৩ ডিসেম্বর রাজশাহীতে বিভাগীয় কর্মসূচির প্রস্তুতি সভার জন্য জয়নগর এলাকায় কোনো স্থান বরাদ্দ না পাওয়ায় প্রয়াত বিএনপি নেতা এডভোকেট নাদিম মোস্তফার সম্মতিতে আমার শোরুমে সভার আয়োজন করা হয়েছিল। এরপর থেকেই আমাকে টার্গেট করে অপপ্রচার চালানো হচ্ছে।”
সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করে বলেন, “চাঁদাবাজ ও লম্পট চরিত্রের আলামিন হক বিজয় রাজনৈতিকভাবে ফায়দা লুটতেই এসব করছে। আমি আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।”
অভিযুক্ত আলামিন হক বিজয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন স্থানীয় বিএনপি নেতা জিয়াউর রহমান। উপস্থিত ছিলেন জয়নগর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. আকবর আলী, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বাবর আলী, ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি আলতাফ আলী, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইউসুফ আলী, উপজেলা জাসাসের সদস্য আলতাব হোসেন, নারী ইউপি সদস্য রিপা বেগম, বিএনপি কর্মী মিজানুর রহমানসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।








