জাহিদুল ইসলাম, দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় সিএনজি অটোরিকশা ও স্টিয়ারিং ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে আফজাল হোসেন (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও অন্তত চারজন আহত হয়েছেন।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দেলুয়াবাড়ি ইউনিয়নের কিশোরপুর বাজারের পূর্ব পাশে পাকা রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আফজাল হোসেন রাজশাহীর পুঠিয়া উপজেলার সরগাছী গ্রামের ইয়াছিন আলী মণ্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তাহেরপুর থেকে রাজশাহীগামী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি স্টিয়ারিং ভুটভুটির সংঘর্ষ হয়। এতে সিএনজির সামনের ডানপাশে বসা যাত্রী আফজাল গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের চাচাতো ভাই মামুন (১৮)সহ আরও তিনজন—সাগর (২৫), সবুজ (১৯) ও সাদিকুল (২৩)—আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
দুর্ঘটনার পর সিএনজি ও ভুটভুটি উল্টে রাস্তার দুই পাশে পড়ে থাকে। তবে উভয় গাড়ির চালক পালিয়ে যান।
এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, “কিশোরপুরে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সিএনজি ও ভুটভুটি জব্দ করা হয়েছে। নিহতের চাচা কোরবান আলী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।”









