বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
জুলাই সনদ ও পিআর (Proportional Representation) পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়াইগ্রামে এক সমাবেশ করেছে। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল তিনটার দিকে উপজেলার বনপাড়া বাইপাস মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মো. রফিকুল ইসলাম খান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা শাখার সহকারী সেক্রেটারি জেনারেল ও নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরদাসপুর) আসনের মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা আব্দুল হাকিম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর জেলা শাখার আমির ড. মীর নুরুল ইসলাম, নায়েবে আমির অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন খান, বড়াইগ্রাম উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. হাবিবুর রহমান, উপজেলা ও পৌর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক কর্মী-সমর্থক।
সমাবেশের সভাপতিত্ব করেন বড়াইগ্রাম উপজেলা জামায়াতে ইসলামের আমির মাওলানা মো. হাবিবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।” তিনি বলেন, “জুলাই বিপ্লবের সময় ছাত্রশিবিরের ঐতিহাসিক ভূমিকা জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়।”
তিনি বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “দেশের ভবিষ্যৎ রাজনীতি ও গণতান্ত্রিক ব্যবস্থাকে টেকসই করতে হলে অনতিবিলম্বে পিআর পদ্ধতির ভিত্তিতে নির্বাচন ব্যবস্থা চালু করতে হবে।”
বক্তব্যের এক পর্যায়ে তিনি বড়াইগ্রাম-গুরদাসপুর আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল হাকিমের পক্ষে দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রার্থনা করেন।








