মোঃ শাহিনুজ্জামান, বনপাড়া, নাটোর:
নাটোরের বনপাড়া হাটি–কুমরুল মহাসড়কের আগ্রাণ বাজার এলাকায় আজ সন্ধ্যায় মারাত্মক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি মালবাহী ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষে জড়ায়। সংঘর্ষের ফলে প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে রাস্তার ওপর উল্টে যায়। এতে প্রাইভেট কারে থাকা শিশুসহ তিনজন মারাত্মকভাবে আহত হন।
দুর্ঘটনার পর বনপাড়া ফায়ার স্টেশনের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উল্টে যাওয়া প্রাইভেট কার থেকে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। এ সময় মহাসড়কের আশেপাশের মানুষজন ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তা করেন।
স্থানীয়রা জানান, বনপাড়া হাটি–কুমরুল মহাসড়কে প্রায় দুই-তিনদিন পর পরই মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটে। এতে বহু মানুষ আহত এবং প্রাণহানির মতো ঘটনা ঘটছে। সড়কের দুর্ঘটনা ও প্রাণহানির কারণে মহাসড়কের পাশের মানুষজন উদ্বিগ্ন। তারা জোর দাবি জানিয়েছেন, বনপাড়া হাটি–কুমরুল মহাসড়ক দ্রুত চার লেনে উন্নীত করা হোক, যাতে দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা রোধ করা সম্ভব হয়।








