বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

স্বৈরাচার পতনের এক বছর: বনপাড়ায় বিএনপির শোভাযাত্রা ও আলোচনা সভা

মোঃ শাহিনুজ্জামান, বনপাড়া (নাটোর):

স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের এক বছর পূর্তি উপলক্ষে বনপাড়ায় সকল শহীদের স্মরণে দোয়া মাহফিল ও আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে বনপাড়া বাসস্ট্যান্ড থেকে শোভাযাত্রা শুরু হয়ে বনপাড়া বাইপাস পর্যন্ত প্রদক্ষিণ করে। শোভাযাত্রার নেতৃত্ব দেন নাটোর জেলা বিএনপির নেতৃবৃন্দ।

বড়াইগ্রাম থানা, বনপাড়া পৌরসভা, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত হয় বনপাড়া রাজপথ। এ সময় নেতাকর্মীরা আলোড়ন সৃষ্টিকারী শহীদ সানাউল্লাহ নূর বাবু, আলম ও বাশারের হত্যাকারী স্বৈরাচার সরকারের দোসর জাকির গংদের বিচার ও ফাঁসির দাবিতে স্লোগান দিতে থাকেন। শোভাযাত্রাটি বনপাড়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। পরে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সারাদেশের সকল শহীদের জন্য দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির অন্যতম সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ। আরও বক্তব্য রাখেন অধ্যাপক এম লুৎফর রহমান, অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ফিরোজ, বড়াইগ্রাম উপজেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি এবং বনপাড়া পৌর বিএনপির সদস্য সচিব সর্দার মোহাম্মদ রফিকুল ইসলাম, জামান মাসুদ লিটু, আব্দুস সালাম মোল্লা, মহুয়া নূর কচি প্রমুখ।

বক্তারা বলেন, বিএনপির হাজার হাজার নেতাকর্মীর ওপর জুলুম, নির্যাতন, খুন ও গুমের অবসান ঘটে ৫ আগস্ট। শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে বিদেশে বসে দোসরদের উসকানিতে ও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। তারা দেশের অভ্যন্তরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চালাচ্ছে। এসব ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিতে বিএনপি সর্বদা মাঠে প্রস্তুত রয়েছে। বক্তারা অতি দ্রুত নির্বাচনের দাবি জানান এবং শহীদ সানাউল্লাহ নূর বাবু, আলম ও বাশার হত্যার সুষ্ঠু বিচার ও তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ