জেলা প্রতিনিধি, পাবনা:
পাবনার সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পাবনা-১ আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী ভিপি শামসুর রহমান বলেছেন, “৭১ সাল বাদ দিয়ে দেশের ইতিহাস সৃষ্টি করা যায় না, তেমনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বাদ দিয়ে দেশের ইতিহাস লেখা সম্ভব নয়। তারই সুযোগ্য সন্তান তারেক রহমানের বিরুদ্ধে একটি মহল কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছে। ওসব দুষ্কৃতকারীদের দাঁতভাঙা জবাব দিতে হবে। আগামীতে তারেক রহমানের নেতৃত্বেই দিল্লি ও পিন্ডির হাড় ভেঙে দেওয়া হবে।”
বুধবার (১৩ আগস্ট) সন্ধ্যায় বেড়ার সিএন্ডবি মোড়ে আয়োজিত তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য ও কটূক্তির প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “আগামী নির্বাচনকে সামনে রেখে দৃশ্যমান ও অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে। নানা উপায়ে জাতীয় নির্বাচন বানচালের চেষ্টা চলছে। বিএনপির তৃণমূলের ত্যাগী কর্মীদের সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। এখন আর বসে থাকার সময় নেই, সময় কিন্তু ফুরিয়ে আসছে।”
জিয়াউর রহমানের অবদান তুলে ধরে ভিপি শামসুর বলেন, “তৎকালীন সময়ে অনেকে পালিয়ে ভারতে গেলেও শহীদ জিয়া দেশেই থেকে লড়াই করেছেন। তিনিই সংবিধানে বিসমিল্লাহ যুক্ত করেন, কৃষি ও গার্মেন্টস খাতকে উন্নত করেন এবং একটি দলকে রাজনীতি করার সুযোগ দেন।”
মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, “গত ১৫ জুলাই দলের পক্ষ থেকে আমাকে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে। এরপর সাঁথিয়াবাসীর সঙ্গে কথা বলে মাঠে নেমেছি, ব্যাপক সাড়া পাচ্ছি। বিগত ১৫ বছরে এই উপজেলায় অনেক নেতা আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে ছিলেন, কিন্তু আমরা দল করতে গিয়ে নির্যাতন, জেল-জুলুম সহ্য করেছি। আগামী নির্বাচনে যদি ধানের শীষের প্রতীক পাই, বিপুল ভোটে এমপি নির্বাচিত হয়ে সাঁথিয়াকে উন্নয়নের রোল মডেল বানানো হবে।”
এর আগে স্বৈরাচার শেখ হাসিনার পতনের বর্ষপূর্তি উপলক্ষে বিশাল আনন্দ র্যালি বের করা হয়। বেড়া সরকারি ডিগ্রি কলেজ মাঠ থেকে শুরু হয়ে বেড়া বাজার পদক্ষিণ শেষে বেড়া সিএন্ডবি মোড়ে পথসভা হয়। এতে সাঁথিয়া ও বেড়া উপজেলার হাজারো নেতাকর্মী ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ফজলুল বারী সান্টু এবং সঞ্চালনা করেন বিএনপি নেতা নাসিমুজ্জামান সোহেল। বক্তব্য দেন সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান আলী, স্বেচ্ছাসেবক দলের সাঁথিয়া সদস্যসচিব লিখন মোল্লা, সাবেক সহসাধারণ সম্পাদক সেলিম খান, সাবেক ছাত্রনেতা মশিউর রহমান টিপু, অ্যাডভোকেট মইনুল হোসেন ও ফজলুল হক প্রমুখ।








