জেলা প্রতিনিধি, পাবনা:
পাবনার বেড়া পৌরসভার দক্ষিণপাড়া এলাকায় সেপটিক ট্যাংকের ঢাকনা খুলে কাজ করার সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—পৌর সদরের হাতিগাড়া এলাকার আবুল কালামের ছেলে সজিবুল ইসলাম (২৫) ও আব্দুল গফুরের ছেলে মোস্তাকিন (৩০)। আহতরা হলেন—বৃশালিখা গ্রামের নূর মোহাম্মদ আলীর ছেলে রবিউল ইসলাম (৩০) এবং হাতিগাড়া গ্রামের আকরাম শেখের ছেলে সম্রাট শেখ।
স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার দক্ষিণপাড়া এলাকার তাহের উদ্দিনের বাড়িতে প্রায় ১০-১২ দিন আগে একটি সেপটিক ট্যাংকের ছাদ ঢালাই করা হয়। বৃহস্পতিবার সকালে শ্রমিকরা ঢাকনা খুলে ভেতরে ঢুকে ঢালাইয়ের বাঁশ ও খুঁটি খুলছিলেন। এক পর্যায়ে তারা চিৎকার দিলে আশপাশের লোকজন এসে ফায়ার সার্ভিসে খবর দেন।
ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সজিবুল ও মোস্তাকিনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত দুইজনকে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জানান, ঢালাইয়ের পর দীর্ঘ সময় ট্যাংকের মুখ বন্ধ থাকার কারণে ভেতরে অক্সিজেন প্রবেশ করতে পারেনি এবং বিষাক্ত গ্যাস তৈরি হয়। এ কারণেই দুর্ঘটনাটি ঘটতে পারে।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে ধারণা করছি, দীর্ঘ সময় বন্ধ থাকার কারণে অক্সিজেনের অভাব ও বিষাক্ত গ্যাসের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।”








