শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় নারী গ্রামপুলিশকে হত্যা

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের সলঙ্গায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় আন্না রানী দাস (৩৫) নামে এক নারী গ্রামপুলিশকে শ্বাসরোধে হত্যা করেছে তাপস কুমার দাস (৩০) নামে এক যুবক। সোমবার (১৩ অক্টোবর) আদালতে দেওয়া ১৬৪ ধারার জবানবন্দিতে তিনি হত্যার কথা স্বীকার করেছেন।

গ্রেফতার তাপস দাস সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ভরমোহনী দাসপাড়া গ্রামের সূর্য কুমার দাসের ছেলে। রবিবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ময়নুল ইসলাম জানান, শনিবার ভোরে (১১ অক্টোবর) হাঁটার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন আন্না রানী। পার্শ্ববর্তী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের পুকুরপাড়ে গেলে একই গ্রামের তাপস কুমার দাস তাকে কুপ্রস্তাব দেন। আন্না রাজি না হলে তাপস তাকে জড়িয়ে ধরেন। আন্না চিৎকার করলে তিনি গলা চেপে শ্বাসরোধে হত্যা করেন এবং দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

এর পরদিন সকালে সলঙ্গা থানা পুলিশ ওই বিদ্যালয়ের পাশে পুকুরপাড় থেকে আন্না রানীর মরদেহ উদ্ধার করে। নিহত আন্না রানী ভরমোহনী দাসপাড়া গ্রামের মৃত বিজেন চন্দ্র দাসের স্ত্রী এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশ হিসেবে দায়িত্ব পালন করতেন।

নিহতের মেয়ে ধ্রুপদী দাস বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সলঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ বিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাপস দাসকে শনাক্ত করে।

তদন্ত কর্মকর্তা জানান, সোমবার সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আইভীন আক্তারের আদালতে তাপস দাস হত্যাকাণ্ডের দায় স্বীকার করে বিস্তারিত ঘটনা বর্ণনা করেছেন। আদালত তার জবানবন্দি রেকর্ড করার পর তাকে সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ বলছে, হত্যাকাণ্ডের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ