বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুরে আওয়ামী লীগ–ছাত্রলীগের সাত নেতা গ্রেপ্তার

দিনাজপুর প্রতিনিধি 

দিনাজপুরের ফুলবাড়ী ও ঘোড়াঘাটে হামলার মামলায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে ফুলবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাঁচ নেতা এবং ঘোড়াঘাটে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার হন।

মঙ্গলবার দুপুরে তাদের দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে। এর আগে, সোমবার দিবাগত রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ফুলবাড়ীতে গ্রেপ্তারকৃতরা—উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মো. তৈবুর রহমান লাজু (৪৫), উপজেলার বেতদিঘী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান (৫২), একই ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের সহসভাপতি মো. মেজবাবুল রহমান (৩৭) ও তার সহোদর ওয়ার্ড যুবলীগের শিক্ষা ও পাঠাগারবিষয়ক সম্পাদক মিজানুর রহমান (৩৬), এলুয়াড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান আলী (৫২)।

অপরদিকে ঘোড়াঘাটে গ্রেপ্তারকৃতরা হলেন—ঘোড়াঘাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন মিঠু (৫৩) ও পালশা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি খোকন সরকার (৩৭)।

ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সিদ্দিকুর রহমান জানিয়েছেন, ৪ ফেব্রুয়ারি বিএনপির মিছিলে ককটেল হামলার ঘটনায় বিস্ফোরক মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক জানান, ২০২৪ সালের ৪ আগস্ট ঘোড়াঘাট পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালান।

তাদের হাতে লাঠি, রড, ধারালো অস্ত্র ও পেট্রলবোমা ছিল। একপর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পেট্রলবোমা ছোড়া হয়। হামলায় শিক্ষার্থীসহ সাধারণ মানুষ আহত হন। এছাড়া আন্দোলনের আয়োজক শহিদ শেখ ও রাফি গুরুতর আহত হন।
মামলায় শহিদ শেখ বাদী হয়ে থানায় মামলা করেন। এতে ৪০ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা ৭০–৮০ জনকে আসামি করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ