গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের এক নেতার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকাল ৭টার দিকে উপজেলার নাকাই ইউনিয়নের শীতল গ্রামের বাগুরার বিলের ধারে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত নেতার নাম নজরুল ইসলাম (৩৪)। তিনি শ্রমিক কল্যাণ ফেডারেশনের নাকাই ইউনিয়নের শীতলগ্রাম ওয়ার্ড শাখার সভাপতি এবং ওই গ্রামের মৃত তোফজ্জল ইসলামের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, নজরুল ইসলাম শীতলগ্রাম বাজারে মুদি দোকানের পাশাপাশি বিকাশ এজেন্টের ব্যবসা করতেন। প্রায়ই তিনি দোকানেই রাত কাটাতেন। পরিবারের লোকজন ধারণা করেছিলেন, শনিবার রাতেও তিনি দোকানেই ছিলেন।
নিহতের ছোট ভাই নাজিরুল ইসলাম জানান, তার ভাই বিকাশ এজেন্টের ব্যবসা করতেন। এ কারণে প্রায়ই অনলাইন জুয়াড়ি ও হ্যাকাররা অবৈধভাবে টাকা তোলার চেষ্টা করত। নজরুল এসব কাজে রাজি না হওয়ায় বেশ কয়েকদিন ধরে হুমকি পাচ্ছিলেন। এরই জের ধরে শনিবার রাতে দোকান থেকে বাড়ি ফেরার পথে তাকে গলাকেটে হত্যা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তিনি আরও বলেন, “এলাকার অনলাইন জুয়াড়ি ও হ্যাকারদের চিহ্নিত করে গ্রেফতার করলেই আমার ভাইয়ের হত্যাকারীদের খুঁজে পাওয়া যাবে।”
নাকাই ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আশরাফুল ইসলাম বলেন, নজরুল ইসলাম সংগঠনের একজন নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। তিনি এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের গ্রেফতারের দাবি জানান।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।








