গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সাঘাটা উপজেলায় বাসর রাতে এক নববধূকে (১৮) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তার স্বামী আসিফ মিয়াসহ সাতজনকে আটক করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে গত ২৮ আগস্ট রাতে সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের ওসমানেরপাড়া গ্রামে।
গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. ফাহাদ আল আসাদ জানান, গত ২৯ আগস্ট দুপুরে ওই তরুণী আরও দুই নারীকে সঙ্গে নিয়ে হাসপাতালে আসেন। প্রাথমিক চিকিৎসার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনি আরও জানান, ভুক্তভোগীর শরীরে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের আলামত পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৭ আগস্ট সাঘাটা উপজেলার ওসমানেরপাড়া গ্রামের আশাদুল ইসলামের ছেলে আসিফ মিয়ার সঙ্গে গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ভাগগরীব গ্রামের ওই তরুণীর বিয়ে হয়। বিয়ের পরদিন রাতেই তিনি বাসর ঘরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন।
স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, “বুধবার রাতে বিয়ে হয়, আর বৃহস্পতিবার রাতেই এ ঘটনা ঘটে। শুক্রবার দুপুরে নববধূর শারীরিক অবস্থা খারাপ হলে তাকে হাসপাতালে নেওয়া হয়।”
সাঘাটা থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, “ঘটনার পর স্বামী আসিফ মিয়াসহ সাতজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্ত চলছে, প্রকৃত ঘটনা উদঘাটন করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”









