ঠাকুরগাঁও প্রতিনিধি:
সারের জন্য কৃষকরা যখন হাহাকার করছে, ঠিক সেই সময়ে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নে ট্রাকভর্তি সার জব্দ করেছে স্থানীয়রা। মঙ্গলবার রাত একটার দিকে ইউনিয়নের দেহন ঈদগাহ মাঠের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, বাজারে সরকারি দামের চেয়ে বেশি মূল্যে বিক্রির জন্য একটি সিন্ডিকেট রাতের আঁধারে ট্রাকভর্তি করে সার মজুত করছিল। এ সময় স্থানীয়রা ট্রাকটি আটক করলে চালক ও সহকারী পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও কৃষি কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করে উপজেলা কৃষি অফিসে নিয়ে যায়। আটক ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো-ট-১২-১৬২৮।
পরে ট্রাকে তল্লাশি চালিয়ে ৩শ বস্তা টিএসপি সার পাওয়া যায়। সরকারি নির্ধারিত দরে এ সার বিক্রির মূল্য বস্তাপ্রতি ১ হাজার ৩৫০ টাকা। তবে কৃষকরা অভিযোগ করেন, বাজারে একই সার কিনতে হচ্ছে ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকায়।
স্থানীয় কৃষক তোফাজ্জল হোসেন বলেন, “আমরা মাঠে চাষ করি অথচ সার পাচ্ছি না। সরকারি দামে সার পাওয়া যায় না, বেশি দাম দিলেও মেলে না। অথচ সিন্ডিকেট ট্রাকভর্তি করে মজুত রাখছে। এটা আমাদের সঙ্গে বড় ধরনের অন্যায়।”
সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাসিরুল আলম বলেন, “রাত একটার দিকে খবর পেয়ে আমরা ৩শ বস্তা টিএসপি সারবোঝাই ট্রাকটি জব্দ করি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। জব্দকৃত সার সরকার নির্ধারিত মূল্যে কৃষকের কাছে বিক্রি করা হবে এবং রাজস্ব খাতে জমা দেওয়া হবে।”
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ারে আলম খান বলেন, “ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
এই প্রতিবেদন লেখা পর্যন্ত সার ও ট্রাকের মালিকের খোঁজ পাওয়া যায়নি।








