,

ঠাকুরগাঁওয়ে বিএনপির সম্মেলন শেষে মাঠ পরিষ্কার করলেন নেতাকর্মীরা

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন শেষে মাঠে পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করলেন জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ দৃশ্য উপস্থিত সবার নজর কেড়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সদ্য নির্বাচিত জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. পয়গাম আলীর নেতৃত্বে জেলা যুবদলের সদস্য সচিব জাহিদুর রহমান জাহিদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুজ্জামান কামু এবং জেলা ছাত্রদলের সভাপতি মো. কায়েস আলীসহ দলের নেতাকর্মীরা ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে পরিচ্ছন্নতা অভিযান চালান।

সম্মেলনস্থলে ছড়িয়ে থাকা প্ল্যাকার্ড, ব্যানার, পানির বোতলসহ অন্যান্য বর্জ্য তারা ব্যাগে ভরে নির্দিষ্ট স্থানে ফেলেন। প্রায় এক ঘণ্টাব্যাপী এই পরিচ্ছন্নতা অভিযানে স্লোগানের বদলে হাতে ঝাড়ু ও বর্জ্য সংগ্রহের ব্যাগ নিয়ে মাঠ পরিষ্কারে অংশ নেন নেতাকর্মীরা।

নেতাকর্মীরা জানান, পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। গতকাল (সোমবার) সম্মেলনে অংশ নেওয়া বহু মানুষ মাঠে ময়লা-আবর্জনা ফেলে গেছেন। তাই আজ মাঠ পরিষ্কার করা আমাদের দায়িত্ব ছিল। আমরা চাই মাঠের মতো এই দেশ থেকেও সব অরাজকতা ও অস্বচ্ছতা দূর করে একটি সুন্দর, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে।

জেলা বিএনপির সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী বলেন, “গতকাল জেলা সম্মেলনে জেলার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা এসেছিলেন। তারা খাবারের প্যাকেট ও পানির বোতল মাঠে ফেলে গেছেন। তাই আগের পরিবেশ ফিরিয়ে আনতে আজ আমরা সবাই মিলে মাঠ পরিষ্কার করেছি।”

জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মামুন উর রশিদ বলেন, “আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দর্শন বাস্তবায়নের জন্যই পরিচ্ছন্নতার এই উদ্যোগ। মন ও মানসিকতায় যেমন পরিষ্কার থাকতে হবে, তেমনি তা দলের ভেতরেও প্রতিফলিত হতে হবে। তাই সম্মেলন শেষে আমরা মাঠ পরিষ্কারে নেমেছি।”

এর আগে সকালে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথি হিসেবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি বক্তব্য রাখেন।

জেলা বিএনপির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নুর করিমের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহসাংগঠনিক সম্পাদক মো. আব্দুল খালেক, সহসাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, জেলা যুবদলের আহ্বায়ক আবু হানিফ মুক্তা, জেলা মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস, জেলা ছাত্রদলের সভাপতি মো. কায়েস আলী প্রমুখ।

উল্লেখ্য, সর্বশেষ ২০১৭ সালে জেলা বিএনপির সম্মেলন হয়েছিল। তখন সভাপতি নির্বাচিত হন সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রয়াত তৈমুর রহমান এবং সাধারণ সম্পাদক হন সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমিন। দীর্ঘ আট বছর পর সোমবার (৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত সম্মেলনে কাউন্সিলরদের ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জেলার বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী। সভাপতি প্রার্থী না থাকায় আগেই জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমিনকে সভাপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ