সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ঠাকুরগাঁওয়ে শিশুদের বিনামূল্যে দুই মাসের সাঁতার প্রশিক্ষণ শুরু

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে শিশুদের জন্য বিনামূল্যে দুই মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ শুরু হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা পুকুরে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মেহনাজ ফেরদৌস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম, অবসরপ্রাপ্ত নৌবাহিনীর প্রশিক্ষক মো. আনিসুজ্জামানসহ অনেকে উপস্থিত ছিলেন।

শিশুদের নিয়ে আসা অভিভাবকরা জানান, প্রশাসনের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। জেলা শহরের বেশ কয়েকটি স্থানে সুইমিং পুল থাকলেও শিশুদের সাঁতার শেখানোর ব্যবস্থা নেই। প্রশাসনের এই দুই মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ তাদের জন্য বাড়তি প্রাপ্তি। এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগ তারা দারুণভাবে গ্রহণ করেছেন।

অতিরিক্ত জেলা প্রশাসক মেহনাজ ফেরদৌস এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম বলেন, “সাঁতার না জানার কারণে শিশুদের অকাল মৃত্যু ঘটে, যা অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। প্রায় সময় আমরা এমন দুর্ঘটনার খবর পাই, যা কোনোভাবেই কাম্য নয়। তাই শিশুরা যেন প্রশিক্ষকের মাধ্যমে সাঁতার শিখতে পারে, সেই ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজনে এই কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে।”

এ প্রশিক্ষণে জেলার প্রায় অর্ধশতাধিক বিভিন্ন বয়সী শিশু অংশ নিয়েছে। সপ্তাহে শুক্রবার ও শনিবার প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ চলবে দুই মাস পর্যন্ত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ