ঠাকুরগাঁও প্রতিনিধি:
জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে ঠাকুরগাঁওয়ে বিজয় র্যালি করেছে বিএনপি। বুধবার দুপুরে জেলা বিএনপি কার্যালয় থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে শেষ হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত বিজয় র্যালিতে অংশ নিতে সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের হাজারো নেতা-কর্মী ও সমর্থকরা জেলা শহরে সমবেত হতে থাকেন।
দুপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমীন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর করিম, মো. আল মামুন আলম, মো. মুরাদ হোসেন, দপ্তর সম্পাদক মো. মামুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক মো. জাফরুল্লাহ, এস.এম. মজিদুল ইসলাম, অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন, পৌর বিএনপির সভাপতি মো. শরিফুল ইসলাম শরিফ, সাধারণ সম্পাদক মো. তারিক আদনান, জেলা যুবদলের সাবেক সভাপতি চৌধুরী মাহেবুল্লাহ আবু নূর, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মো. মাহাবুব হোসেন তুহিন, জেলা মহিলা দলের সভানেত্রী ফরাতুন নাহার প্যারিস, সাধারণ সম্পাদিকা মো. নাজমা বেগম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাসুদুল ইসলাম মুন্না, সদস্য সচিব মো. কামরুজ্জামান কামু, জেলা যুবদলের আহ্বায়ক মো. আবু হানিক মুক্তা, সদস্য সচিব মো. জাহিদুল ইসলাম জাহিদ, জেলা ছাত্রদলের সভাপতি মো. কায়েস প্রমুখ।

পরে জেলার বিভিন্ন উপজেলা, সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতা-কর্মী ও সমর্থকরা বর্ণাঢ্য বিজয় র্যালি বের করেন। র্যালিটি চৌরাস্তা, পুরাতন বাসস্ট্যান্ড হয়ে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে গিয়ে শেষ হয়। র্যালিতে জেলা বিএনপিসহ এর সহযোগী ও অঙ্গ সংগঠনের হাজারো নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন।








