ঠাকুরগাঁও প্রতিনিধি:
টাইফয়েড জ্বর থেকে শিশুদের সুরক্ষিত রাখতে সরকারের ইপিআই কর্মসূচির আওতায় দেশব্যাপী আগামী ১২ অক্টোবর থেকে শুরু হবে টিকাদান ক্যাম্পেইন।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সিভিল সার্জন কার্যালয়ে সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য জানান সিভিল সার্জন ডা. আনিছুর রহমান।
তিনি বলেন, জন্মসনদ দিয়ে অনলাইনে নিবন্ধনের মাধ্যমে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি ও সমমানের শিক্ষার্থীদের বিনামূল্যে ১ ডোজ করে টাইফয়েড টিকা দেওয়া হবে। যেসব শিশুদের জন্মসনদ নেই বা বিদ্যালয়ে যায় না, তাদের তাৎক্ষণিক হোয়াইট তালিকার মাধ্যমে এই টিকার আওতায় আনা হবে।
এই টিকাদান ক্যাম্পেইন আগামী ১২ অক্টোবর থেকে শুরু হয়ে পরবর্তী ১৮ কার্যদিবস পর্যন্ত চলবে। ঠাকুরগাঁও জেলায় এবার মোট ৪ লাখ ২০ হাজার ৮২২ জন শিশুকে এই টিকার আওতায় আনা হবে।
ওরিয়েন্টেশন কর্মশালায় সিভিল সার্জন ডা. আনিছুর রহমান, ডা. আবুল বাশার মোহাম্মদ সাইদুজ্জামান, মেডিকেল অফিসার ইফতেখাইরুল ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।








