আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির দুই নেতাকে বহিষ্কারের প্রতিবাদে তিন ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (২ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বালিয়াডাঙ্গী চৌরাস্তা শহিদ মিনার চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির নেতাকর্মীরা এই কর্মসূচির আয়োজন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আইয়ুব আলী খান, সহ-সভাপতি মীর রাজিয়ুর রহমানসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং মূল দলের নেতাকর্মীরা।
অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, “দুই নেতাকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে। এই সিদ্ধান্ত যদি দ্রুত প্রত্যাহার না করা হয়, তাহলে আমরা আরো কঠোর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবো।”








