আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়জুর রহমানের কক্ষে তালা দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে।
রবিবার (১৭ আগস্ট) দুপুর তিনটার দিকে ইউনিয়ন কার্যালয়ে এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যা ছয়টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলামের হস্তক্ষেপে তালা খোলা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে চেয়ারম্যান কার্যালয় থেকে বেরিয়ে গেলে ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. আহম্মদ আলী, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান ও জেলা তাঁতীদলের সভাপতি আনোয়ার হোসেন বাবুলের নেতৃত্বে শতাধিক লোকজন এসে চেয়ারম্যানের কক্ষে তালা দেন। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তারা আরও বলেন, কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে তার সমাধান আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে হওয়া উচিত। জনসম্মুখে মব তৈরি করে আতঙ্ক সৃষ্টি করা কাম্য নয়। এ ধরনের কর্মকাণ্ড সমাজে বিশৃঙ্খলা বাড়ায়।
স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ এক সমাবেশে উসকানিমূলক বক্তব্য দেওয়ার পরই চেয়ারম্যানের কক্ষে তালা দেওয়া হয়। তারা বলেন, রাজনৈতিক নেতাদের এমন উসকানিমূলক কর্মকাণ্ড থেকে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এ ঘটনায় ইউনিয়ন পরিষদের সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের বিরুদ্ধে আইনগত ও দলীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান এলাকাবাসী।
এ বিষয়ে বড়গাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজার রহমান বলেন, “তালা কে দিয়েছে আমরা জানি না। তবে স্থানীয়দের অভিযোগ আছে চেয়ারম্যান আওয়ামী লীগের দোসর এবং তিনি নিয়মিত পরিষদে আসেন না। এতে সেবাগ্রহীতারা দুর্ভোগে পড়েন। এ কারণেই মানুষ ক্ষুব্ধ হয়ে তালা দিয়েছে।” তবে তিনি দাবি করেন, এ ঘটনার সঙ্গে উপজেলা বিএনপি সভাপতির বক্তব্যের কোনো সম্পর্ক নেই।

অন্যদিকে বড়গাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়জুর রহমান বলেন, “কার্যালয় থেকে বের হওয়ার পর বাইরে আমার সঙ্গে তাদের দেখা হয়। তারা বলে, আমার বিরুদ্ধে অভিযোগ আছে। আমি বলি, অভিযোগ থাকলে কার্যালয়ে বসে শুনি। কিন্তু তারা আমাকে চলে যেতে বলেন। পরে শুনি, তারা আমার কক্ষে তালা দিয়েছে।”
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খায়রুল ইসলাম বলেন, “ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চেয়ারম্যানের বিরুদ্ধে আগে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। আইন সবার জন্য সমান। কেউ অপরাধ করলে তাকে অবশ্যই জবাবদিহি করতে হবে।”








