আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে যৌথবাহিনীর অভিযানে ফেনসিডিল ও নগদ অর্থসহ তালিকাভুক্ত জুলাই যোদ্ধা মো. সেলিম রেজা (২৫) আটক হয়েছেন।
সোমবার (১১ আগস্ট) রাত ১০টার দিকে সদর উপজেলার শিবগঞ্জ জামালপুর ইউনিয়নের মহেশপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে যৌথবাহিনী।
রাত ১১টা ৪০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সরোয়ারে আলম খান। তিনি জানান, সেলিম রেজা মহেশপুর গ্রামের মো. খুরশেদ আলীর ছেলে।
ওসি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সেলিম রেজার কাছ থেকে ২১ বোতল ভারতীয় ফেনসিডিল, নগদ ৪২ হাজার টাকা ও দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।








