সিলেট প্রতিনিধি
সিলেটের জকিগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা অনুপ্রবেশ করে কৃষকদের ফসল রক্ষায় তৈরি বাঁধের বাঁশের খুঁটি উপড়ে ফেলেছে। তবে স্থানীয়দের তীব্র প্রতিবাদ ও ভিডিও ধারণের মুখে তারা অবশেষে বাংলাদেশের সীমান্ত ত্যাগ করে ফিরে যায় ভারতে।
রোববার (২ নভেম্বর) সকালে উপজেলার মানিকপুর ইউনিয়নের রসুলপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
ভিডিওতে দেখা যায়, বিএসএফের চার সদস্য অবৈধভাবে বাংলাদেশের অংশে প্রবেশ করে নদীর পাড়ে দাঁড়িয়ে বাঁশের খুঁটি উপড়ে ফেলছেন। এ সময় কয়েকজন স্থানীয় ব্যক্তি তাদের কাছে গিয়ে ভিডিও ধারণ করতে থাকেন এবং প্রশ্ন তোলেন— “এটি বাংলাদেশের মাটি, আপনারা কেন সীমান্ত অতিক্রম করে এখানে এসেছেন? কার নির্দেশে বাঁশের খুঁটি তুলছেন?”
স্থানীয়রা জানিয়েছেন, ঘটনাস্থল বাংলাদেশের অংশে অবস্থিত। ভারতের সীমানা নদীর অপরপাশে, তাই বিএসএফের সেখানে প্রবেশের কোনো এখতিয়ার নেই। স্থানীয়দের প্রতিবাদের মুখে একপর্যায়ে তারা স্পিডবোটে চড়ে ভারতের দিকে ফিরে যান।

মানিকপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. আব্দুস শহীদ বলেন, “ফেসবুকে ভিডিওটি আমি দেখেছি। ঘটনাস্থল সুরমা নদীর তীরে। একপাশে ভারত, অন্যপাশে জকিগঞ্জের রসুলপুর। স্থানীয়দের প্রতিবাদের মুখে বিএসএফ সদস্যদের চলে যেতে দেখা গেছে। তবে কেউ আনুষ্ঠানিকভাবে বিষয়টি আমাকে জানায়নি।”
জকিগঞ্জ ব্যাটালিয়নের ১৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. জুবায়ের আনোয়ার যুগান্তরকে বলেন, “বিএসএফ সদস্যরা বাংলাদেশের অংশে প্রবেশ করেছিল। পরে স্থানীয়দের প্রতিবাদে তারা ফিরে যায়। খবর পাওয়ার পর বিজিবি বিএসএফ কর্মকর্তাদের ডেকে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছে। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে, সে বিষয়ে বিএসএফকে সতর্ক করা হয়েছে।”








