,

অপমৃত্যুর মামলা এখন হত্যাকাণ্ড, গ্রেপ্তার ১

তিমির বণিক, মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের রাজনগরে এক নারীর মৃত্যুকে প্রথমে স্বাভাবিক মনে করে অপমৃত্যুর মামলা দায়ের করা হলেও, ময়নাতদন্তের রিপোর্টে শ্বাসরোধে হত্যার প্রমাণ মেলে। ঘটনার প্রায় চার মাস পর রাজনগর থানা পুলিশ মো. খলিল মিয়া ফেছাদ (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে খলিল মিয়া সুদের টাকা লেনদেন নিয়ে মনোমালিন্যের জেরে গলা টিপে হত্যার দায় স্বীকার করেছেন।

পুলিশ জানায়, গত ৩১ মার্চ সকাল সাড়ে ৬টার দিকে রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে শাহানা বেগমকে (৫১) নিজ ঘরে মৃত অবস্থায় পাওয়া যায়। তার স্বজনরা জানান, মৃত্যুর ঘটনায় কারো ওপর সন্দেহ নেই এবং এটি স্বাভাবিক মৃত্যু বলে পুলিশকে অবহিত করেন। রাজনগর থানা পুলিশ সুরতহাল শেষে ১ এপ্রিল অপমৃত্যুর মামলা (নং-০৪/২০২৫) রুজু করে।

পরবর্তীতে ময়নাতদন্তের রিপোর্টে উঠে আসে, শাহানা বেগমকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ তথ্য পাওয়ার পর নিহতের মেয়ে বিউটি বেগম ৪ আগস্ট রাজনগর থানায় হত্যা মামলা (নং-০৪/২০২৫, ধারা ৩০২/৩৪ পেনাল কোড) দায়ের করেন।

মামলার তদন্তভার পান এসআই (নিঃ) অরূপ সরকার। তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে তিনি একই গ্রামের খলিল মিয়াকে গ্রেপ্তার করেন। জিজ্ঞাসাবাদে খলিল জানান, নিহত শাহানা বেগম এলাকায় সুদে টাকা লেনদেন করতেন এবং তার সাথেও আর্থিক লেনদেন ছিল। টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে উভয়ের মধ্যে মনোমালিন্য হয়। ঘটনার দিন রাতে খলিল মিয়া ভিকটিমের বাড়িতে গিয়ে তর্কের একপর্যায়ে তাকে ধাক্কা দিয়ে খাটে ফেলে গলা টিপে হত্যা করেন।

রাজনগর থানার অফিসার ইনচার্জ মো. মোবারক হোসেন খান বলেন, মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। অন্য কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ