তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা গরু চোরচক্রের অন্যতম মূলহোতা ও একাধিক মামলার আসামি মো. আব্দুল মুকিত ওরফে কিবরিয়া হান্নান (৩১)কে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৬নং আশিদ্রোন ইউনিয়নের রামনগর গ্রামের বাসিন্দা।
গত ২২ জুলাই রাতে কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের পাল্লাকান্দি গ্রামের মো. আলমাস মিয়া ও ফিরোজ আলীদের বাড়ি থেকে চারটি গরু চুরি হয়। চোরেরা পালানোর সময় হিংগাজিয়া এলাকায় চোরাই গরু ও একটি পিকআপ গাড়ি ফেলে পালিয়ে যায়।
পুলিশ পিকআপ গাড়িসহ চারটি চোরাই গরু উদ্ধার করে। এ ঘটনায় গরুর মালিক বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন।
চোরচক্রকে গ্রেপ্তারের লক্ষ্যে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেনের সার্বিক নির্দেশনায় থানা ওসি মো. ওমর ফারুক ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হাবিবের নেতৃত্বে একটি দল মাঠে কাজ শুরু করে।
১৪ আগস্ট রাতে শ্রীমঙ্গলের রামনগর এলাকার নিজ বাড়ি থেকে আসামি মুকিতকে গ্রেপ্তার করা হয়। পরের দিন, ১৫ আগস্ট শুক্রবার, বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
কুলাউড়া থানার ওসি মো. ওমর ফারুক বলেন, “গরু চুরির ঘটনার সঙ্গে জড়িত একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে চুরি, ডাকাতিসহ বিভিন্ন থানায় মোট ছয়টি মামলা রয়েছে। আন্তঃজেলা চোরচক্রের অন্যতম সদস্য মুকিত আটক হলেও অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”








