তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের অভিযানে চুরি হওয়া একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় হেলাল নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, গত ৫ আগস্ট দিবাগত রাতে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের চৌধুরী বাজার সংলগ্ন জনৈক সিতার মিয়ার উঠান থেকে অজ্ঞাত চোরেরা প্রাইভেটকারটি চুরি করে নিয়ে যায়।
প্রাইভেটকারের মালিকের অভিযোগের ভিত্তিতে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেনের নির্দেশনায় এবং কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুকের নেতৃত্বে এসআই ফরহাদ মাতুব্বর, এসআই হাবিব ও এসআই জুনেদসহ একটি পুলিশ দল তদন্ত শুরু করে।
রবিবার (১০ আগস্ট) কুলাউড়া পৌরসভার সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া প্রাইভেটকারটি উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে আব্দুল মো. হেলাল মিয়া (৩৫) কে আটক করা হয়।
কুলাউড়া থানার ওসি মো. ওমর ফারুক বলেন, “এই ঘটনায় বাদীর অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করা হয়েছে। একজনকে আটক করা হয়েছে এবং চোরচক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”








