তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর এলাকা থেকে ৪৬ বোতল ভারতীয় নিষিদ্ধ এসকপ কোডিনসহ এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটক ব্যক্তির নাম আবুল হোসেন বাবুল (২৮)। তিনি উপজেলার শরীফপুর ইউনিয়নের বেরিরগাঁও সঞ্জয়পুর গ্রামের আজম আলীর ছেলে।
সোমবার (১১ আগস্ট) সকাল ১০টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক তাজুল ইসলাম ভূঁইয়া ও আবুল কালাম আজাদ এবং র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কোম্পানি কমান্ডার জিয়া লতিফুলের নেতৃত্বে যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, আটককৃতের বাড়ি থেকে একটি প্লাস্টিকের বস্তায় ভারতীয় LABORATE কোম্পানির প্রস্তুতকৃত ‘ESKUP’ ব্র্যান্ডের ৪৬ বোতল এসকপ উদ্ধার করা হয়। প্রতিটি বোতলে ১০০ মিলিলিটার করে মোট ৪৬০০ মিলিলিটার তরল পদার্থ ছিল।
মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক আবুল কালাম আজাদ জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০) এর ৩৬ (১) ১৪ (খ) ধারায় শাস্তিযোগ্য অপরাধ সংঘটিত করায় আটক ব্যক্তির বিরুদ্ধে কুলাউড়া থানায় মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।








