বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

কুলাউড়ায় সহকারী স্টেশন মাস্টারের দুর্ব্যবহার, ট্রেন চলাচল বন্ধ পৌনে ২ ঘণ্টা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে জংশনে সহকারী স্টেশন মাস্টার (এএসএম) কামাল হোসেন কর্তৃক যাত্রীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও হুমকির ঘটনায় প্রায় পৌনে ২ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। শনিবার (১৬ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।

অপেক্ষমাণ যাত্রীরা জানান, ট্রেনের সময়সূচি জানতে চাইলে এবং ওয়েটিং রুম খুলে দেওয়ার অনুরোধ করলে সহকারী স্টেশন মাস্টার ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ সময় তিনি যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করেন, টেলিফোনের রিসিভার ছুড়ে মারেন এবং ট্রেন চলাচল বন্ধ করে দেওয়ার হুমকি দেন। এতে প্ল্যাটফর্মে থাকা শত শত যাত্রী বিক্ষোভে ফেটে পড়েন। এ কারণে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত এক্সপ্রেস কুলাউড়া স্টেশনে আটকে পড়ে।

পরে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তার হস্তক্ষেপের পর পৌনে ২ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয় বাসিন্দা শফিক আহমদ অভিযোগ করে বলেন, “কামাল হোসেন দীর্ঘদিন ধরে যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করছেন। তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।”

কুলাউড়া প্রেসক্লাব সভাপতি আজিজুল ইসলাম বলেন, “তার আচরণ দেখে মনে হয়েছে স্টেশন ও ট্রেনগুলো যেন তার ব্যক্তিগত সম্পত্তি। একজন সরকারি কর্মকর্তার এমন আচরণ অগ্রহণযোগ্য।”

কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই বলেন, “ট্রেন-সংক্রান্ত দাবি আদায়ে আন্দোলনের সময়ও তিনি আমাদের হুমকি দিয়েছেন। এতে আমরা উদ্বিগ্ন।”

এ বিষয়ে কুলাউড়া স্টেশন মাস্টার রোমান আহমেদ বলেন, “ভিডিও ফুটেজ আমি দেখেছি। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি। শিগগিরই সমাধান হবে।”

কুলাউড়া ইউএনও মো. মহিউদ্দিন জানান, “ঘটনা শোনার পর স্টেশনে গিয়ে যাত্রী ও কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। বড় মাস্টারসহ সবাইকে নিয়ে বিষয়টির সমাধান করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ