তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের জুড়ী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন হাজি মাছুম রেজা এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মতিউর রহমান চুনু।
রবিবার (১৭ আগস্ট) বিকেলে উপজেলার মক্তদির বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
এছাড়া সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন হাজি আব্দুল কাইয়ুম, যুগ্ম সম্পাদক পদে মামুনুর রশিদ এবং সাংগঠনিক সম্পাদক পদে রুমেল আহমদ।
গোপন ব্যালটে কাউন্সিলরদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়। সম্মেলনে উপজেলা বিএনপির নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে অংশগ্রহণ করেন।
সভাপতি নির্বাচিত হওয়ার পর হাজি মাছুম রেজা বলেন, “আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সাথে পালন করবো। জুড়ী উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে সবার সহযোগিতা চাই। দল ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে আমরা সর্বদা জনগণের পাশে থাকবো।”
উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. মোস্তাকিম হোসেন বাবুলের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন এবং সদস্য সচিব আব্দুর রহিম রিপন।
এছাড়া বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট আবেদ রাজা, সাবেক সহ-সভাপতি নাসির উদ্দিন মিঠু এবং আলহাজ্ব আব্দুল মুকিত।
দীর্ঘদিন পর জুড়ী উপজেলা বিএনপির সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। উপজেলার ছয়টি ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা কাউন্সিলে যোগ দেন।








