,

বিভাগীয় শ্রেষ্ঠত্ব অর্জন: গ্রাফিতি চিত্রাঙ্কনে সেরা শ্রীমঙ্গলের দি বাডস স্কুল

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:

সিলেট বিভাগীয় পর্যায়ের ‘২০২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা’-তে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের দি বাডস রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ। মাধ্যমিক পর্যায়ের দলভিত্তিক এই প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে তারা।

গত ২৭ জুলাই সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে সিলেট মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতা। এতে মাধ্যমিক স্তরের (স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান) শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় স্থান অর্জন করে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট।

দি বাডস রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের বিজয়ী দলের সদস্যরা হলেন—বিষান ভট্টাচার্য্য (দশম শ্রেণি), শ্রেয়সী পাল (অষ্টম শ্রেণি), বিরূপাক্ষ দেবনাথ (সপ্তম শ্রেণি), অরুন্ধতী দেবী শৈলী (অষ্টম শ্রেণি), এবং অংকিতা বণিক দিয়া (অষ্টম শ্রেণি)। এছাড়া সহযোগী হিসেবে ছিলেন সপ্তম শ্রেণির দীপায়ন সাহা।

তাদের সৃজনশীল চিত্রকলায় দেয়ালে ফুটে ওঠে সামাজিক বার্তা ও জীবনের বহুমাত্রিক রূপ, যা বিভাগীয় পর্যায়ে সেরা গ্রাফিতির স্বীকৃতি লাভ করে।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ জাহাঙ্গীর আলম বলেন, “এই অর্জন আমাদের জন্য গর্বের। আমাদের শিক্ষার্থীরা তাদের প্রতিভা দিয়ে বিদ্যালয়, উপজেলা ও জেলাকে গর্বিত করেছে। তাদের প্রতি আমাদের ভালোবাসা ও অশেষ শুভকামনা।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ