তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার জেলায় একদিনে দুইটি ভিন্নস্থানে পৃথক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক তরুণ ও এক নারী।
শনিবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কের দুর্লভপুর এলাকায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান আল আমিন (২৫) নামে এক তরুণ। তিনি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকার আবুল হোসেনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটগামী ‘হবিগঞ্জ বিরতিহীন এক্সপ্রেস’ বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মারা যান অটোরিকশার যাত্রী আল আমিন। দুর্ঘটনায় আহত হন আরও তিনজন – আব্দুর রশিদ (২৮), হযরত আলী (২৮) ও মিনা বেগম। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মৌলভীবাজার সদর ২৫০ শয্যা হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. আহমেদ ফয়সাল জামান বলেন, আহতদের মধ্যে একজনকে মৃত ঘোষণা করা হয়েছে। বাকিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে।
ঘটনার পর উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে এবং হবিগঞ্জ-সিলেট বাস মালিক সমিতির দুটি বাস ভাঙচুর করে। এতে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক পলাতক। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
অন্যদিকে, একই দিন সকাল ৯টার দিকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় কালনী এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে হাওয়া বেগম (৪০) নামে এক নারী মৃত্যুবরণ করেন।
প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, হাওয়া বেগম ট্রেনে ভিক্ষা করতেন। ট্রেন চলন্ত অবস্থায় পড়ে গিয়ে ট্রেনের চাকায় তার দুটি পা কেটে যায় এবং ডান হাতও ক্ষতিগ্রস্ত হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কিছুক্ষণ পরই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. কিশোর পোদ্দার সম্রাট জানান, আহত নারীকে হাসপাতালে আনার পর প্রাথমিক চিকিৎসা শেষে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তরের প্রস্তুতি নেওয়া হয়, তবে তার আগেই ইসিজির মাধ্যমে মৃত্যু নিশ্চিত করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে জানান তিনি।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি খাইরুল ইসলাম তালুকদার বলেন, নিহত নারীর নাম হাওয়া বেগম, তিনি ফরিদপুরের ভাঙ্গা এলাকার বাসিন্দা। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।








