বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

মৌলভীবাজার সীমান্তে ৯ রোহিঙ্গাসহ ১ বাংলাদেশি আটক

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের নিউ পাল্লাথল সীমান্তের কুমারশাইল এলাকা থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ঠেলে পাঠানো ৯ রোহিঙ্গা ও ১ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার সকালে নিউ পাল্লাথল বিওপির একটি টহল দল তাদের আটক করে।

প্রাথমিকভাবে বিয়ানীবাজার ৫২-বিজিবি ব্যাটালিয়ন দু’জনকে আটকের তথ্য নিশ্চিত করেছে। শুক্রবার সন্ধ্যায় তাদের বড়লেখা থানায় সোপর্দ করা হয়।

আটককৃতরা হলেন— হবিগঞ্জের আজমীরিগঞ্জ উপজেলার জামির হোসেনের ছেলে সোহেল মিয়া এবং কক্সবাজারের একটি রোহিঙ্গা শরণার্থী শিবিরের বাসিন্দা আবুল কাশেমের ছেলে আবু বক্কর সিদ্দিক।

বিজিবি জানায়, কয়েক বছর আগে তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছিলেন। সম্প্রতি সেখানে আটক হওয়ার পর বিএসএফ তাদের বাংলাদেশে ফেরত পাঠায়।

বিয়ানীবাজার ৫২-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আরিফুল হক চৌধুরী বলেন, বিএসএফ পুশইন করা ৯ রোহিঙ্গা ও একজন বাংলাদেশিকে আটক করা হয়েছে। প্রাথমিক যাচাই-বাছাই শেষে দু’জনকে থানায় সোপর্দ করা হয়েছে। বাকিদের যাচাই-বাছাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

বড়লেখা থানার ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা জানান, শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে বিজিবি’র জিডি মূলে একজন বাংলাদেশি ও একজন রোহিঙ্গা নাগরিককে থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিষয়ে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ