,

‘সংস্কারের নামে’ জনগণকে আটকে রাখা হচ্ছে—এডভোকেট ময়ুনের অভিযোগ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ আগস্ট) বিকেলে মৌলভীবাজার পৌরসভার কনফারেন্স হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মো. মুসা মিয়া এবং সঞ্চালনা করেন সদস্য সচিব জামাল উদ্দিন জীবন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র এডভোকেট মো. ফয়জুল করিম ময়ুন। বক্তব্যে তিনি বলেন, “মৎস্যজীবী দল হচ্ছে সবচেয়ে অবহেলিত একটি সংগঠন, অথচ বিগত হাসিনা বিরোধী আন্দোলনে সংগঠনটির ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আহ্বায়ক মো. মুসা মিয়া সহ কমপক্ষে ১৫-২০ জন ত্যাগী নেতা-কর্মী মিথ্যা মামলায় দীর্ঘদিন কারাবরণ করেছেন। চলমান আন্দোলন ও জুলাই অভ্যুত্থানের সময় সংগঠনের এক কর্মী গুলিবিদ্ধ হন, যা আন্দোলনে তাদের ত্যাগের প্রমাণ।”

তিনি আরও বলেন, “দলের নেতৃত্বে ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীদের প্রাধান্য দিতে হবে। কোনো দালাল, সুবিধাবাদী বা হঠাৎ আসা ভুঁইফোড়দের দলে স্থান দেয়া যাবে না। আন্দোলনের সময় যারা গা ঢাকা দেয়, তাদের নিয়ে ভবিষ্যৎ নির্মাণ সম্ভব নয়।”

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে তিনি অভিযোগ করেন, “সরকার তথাকথিত ‘সংস্কার’-এর নামে জনগণকে এক ধরনের ফাঁদে আটকে রাখার অপচেষ্টা চালাচ্ছে। পরিকল্পিতভাবে নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত করে জনগণের ভোটাধিকার হরণ করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি—এই তালবাহানা আর চলবে না। অবিলম্বে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে হবে।”

সভায় আরও বক্তব্য দেন বিভিন্ন উপজেলা ও পৌর মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন—শ্রীমঙ্গল উপজেলার সভাপতি মো. আলী রাকিব, বড়লেখার সভাপতি আব্দুল বাছিত, কুলাউড়ার সভাপতি এমদাদ হোসেন, কমলগঞ্জের সভাপতি কাবিল হোসেন, রাজনগরের সভাপতি মো. ছালিক মিয়া, জুড়ীর সভাপতি আমির হোসেন, সদর উপজেলার সভাপতি ছুরুক আলী, বড়লেখা উপজেলা সাধারণ সম্পাদক নাজমুল হুদা, শ্রীমঙ্গল উপজেলার সাধারণ সম্পাদক আমিনুর রশীদ, পৌর মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক কৃপেন্দ্র সরকার কিরণ, যুগ্ম সম্পাদক বেলাল তালুকদার ও পৌর সভাপতি আব্দুস শুকুর।

সভা শেষে সংগঠনের নেতারা ঐক্যবদ্ধভাবে ত্যাগী কর্মীদের মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করেন এবং আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ