তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রীর বিরুদ্ধে ভিডিও বার্তা দিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন আশিক মিয়া (৩২) নামের এক গাড়িচালক। গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল আনুমানিক ৫টার দিকে আখাউড়া–সিলেট রেল সেকশনের টিলাগাঁও রেলওয়ে স্টেশনের অদূরে রবিরবাজার লেভেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। আশিক মিয়া কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রাজনগর গ্রামের মখলিছ মিয়ার ছেলে।
ঘটনার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে আশিক মিয়ার দেওয়া একটি ভিডিও বার্তা ভাইরাল হয়। এতে তিনি বলেন, স্ত্রীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে তিনি আত্মহত্যা করছেন।
কুলাউড়া থানা পুলিশের ওসি ওমর ফারুক বলেন, “আমরাও শুনেছি। তবে ঘটনাস্থল রেলওয়ে থানার আওতাধীন হওয়ায় তারা বিষয়টি দেখছে।”
শ্রীমঙ্গল রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম তালুকদার বলেন, “কুলাউড়া ও লংলা রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী রবিরবাজারগামী সড়কের লেভেল ক্রসিংয়ে বিকেল আনুমানিক ৫টার দিকে এ ঘটনা ঘটে। খবর পাওয়ার পর এসআই ননী গোপাল ও এসআই দীপক দাসের নেতৃত্বে একদল পুলিশ লাশ উদ্ধারে যায়। লাশ উদ্ধার করে আইনানুগ প্রক্রিয়া চলছে।”








