বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

কাতার থেকে ৫৫৬ কোটি টাকায় এলএনজি কিনবে সরকার

নাসরিন সুলতানা, স্টাফ রিপোর্টার:

জ্বালানি খাতে চাহিদা পূরণে আগস্ট মাসের জন্য কাতার থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে প্রায় ৫৫৬ কোটি ৭৬ লাখ টাকা।

মঙ্গলবার (১৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

সরকারি সূত্র জানায়, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮ অনুসারে আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে স্পট মার্কেট থেকে এ গ্যাস কেনা হবে। আগামী ৪-৫ আগস্টের মধ্যে এলএনজির ৩৩তম কার্গো দেশে পৌঁছাবে বলে জানা গেছে।

পেট্রোবাংলার মাস্টার সেল অ্যান্ড পারচেজ অ্যাগ্রিমেন্ট (এমএসপিএ) অনুসারে চুক্তিবদ্ধ ২৩টি প্রতিষ্ঠানের মধ্যে তিনটি দরপত্র দাখিল করে। এগুলো কারিগরি ও আর্থিকভাবে উপযুক্ত বিবেচিত হয়। পরে মূল্যায়ন কমিটির (পিইসি) সুপারিশে সর্বনিম্ন দরদাতা কাতার এনার্জি ট্রেডিং এলএলসি-কে চূড়ান্ত করা হয়।

চুক্তি অনুযায়ী, প্রতি এমএমবিটিইউ এলএনজির মূল্য ধরা হয়েছে ১৩.২৪ মার্কিন ডলার। মোট ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি সরবরাহে খরচ হবে ৫৫৬ কোটি ৭৬ লাখ টাকা।

এ আমদানির ফলে জাতীয় গ্রিডে গ্যাসের ঘাটতি আংশিকভাবে মেটানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। সরকার নিয়মিতভাবে স্পট মার্কেট থেকে এলএনজি আমদানির মাধ্যমে অভ্যন্তরীণ জ্বালানি চাহিদা পূরণে কাজ করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ