রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ইইউ বাংলাদেশের অন্যতম বৃহৎ বাণিজ্য অংশীদার: বাণিজ্য উপদেষ্টা

পথে প্রান্তরে ডেস্ক 

বাংলাদেশের অন্যতম বৃহৎ বাণিজ্য অংশীদার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) — এমন মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

আজ রবিবার দুপুরে সচিবালয়ে তাঁর দপ্তরে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সাথে এক বৈঠকে এ মন্তব্য করেন তিনি।

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার-এর নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকে দুই পক্ষের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন,

“ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণের বিশাল সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ বাণিজ্যের সম্ভাব্যতা যাচাই এবং তথ্য-উপাত্ত বিশ্লেষণের পর বিস্তৃত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (Comprehensive Economic Partnership Agreement – CEPA) ও পরবর্তীতে মুক্ত বাণিজ্য চুক্তির (FTA) দিকে অগ্রসর হতে চায়।”

ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন,

“সম্পর্ক উন্নয়নে বাণিজ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের কিছু বাণিজ্য ঘাটতি থাকলেও উভয় পক্ষের সহযোগিতা ও চ্যালেঞ্জ মোকাবেলার মাধ্যমে পারস্পরিক সমৃদ্ধি সম্ভব।”

বৈঠকে আরও উপস্থিত ছিলেন—
বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান,
স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিসটিয়াগা,
ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান ব্রিক্স মুলার,
ফ্রান্স দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ফ্রেডরিক ইনজা,
জার্মান দূতাবাসের ডেপুটি হেড অব মিশন এনজা ক্রিস্টেন,
ইতালি দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ফ্রেডরিকো জামপ্রেল্লি,
সুইডেন দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ইভা স্মেডব্রেগ,
এবং ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশ ডেলিগেশনের ট্রেড অ্যাডভাইজার আবু সাইদ বেলাল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ