যুক্তরাষ্ট্র ও বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্কের নেতৃত্বাধীন ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি (ডজ) যাতে যুক্তরাষ্ট্রের পেমেন্ট সিস্টেমে প্রবেশ করতে না পারে, তা নিশ্চিত করতে মামলা করেছে বেশ কয়েকটি অঙ্গরাজ্য। ডেমোক্র্যাটদের নেতৃত্বাধীন মার্কিন অঙ্গরাজ্যগুলোর এক জোট শুক্রবার (৭ ফেব্রুয়ারি) এ মামলা করেছে। এই পেমেন্ট সিস্টেম দিয়ে লাখ লাখ কোটি ডলারের লেনদেন প্রক্রিয়াকরণ হয়।
১৯টি অ্যাটর্নি জেনারেলরা বলেছেন, ডজ এই সিস্টেমে প্রবেশের অনুমতি পেলে বড় ধরনের সাইবার নিরাপত্তাঝুঁকি সৃষ্টি হতে পারে। অঙ্গরাজ্যগুলোর জন্য বরাদ্দ বিপুল পরিমাণ অর্থায়ন এবং তাদের বাসিন্দাদের জন্য হুমকিস্বরূপ বলে উল্লেখ করেছেন অ্যাটনরি জেনারেলরা। হোয়াইট হাউস ও ট্রেজারি বিভাগ এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি।
মামলায় ট্রাম্প ও ট্রেজারি বিভাগকে অভিযুক্ত করা হয়েছে। জেমসের সঙ্গে এই মামলায় ক্যালিফোর্নিয়া, ইলিনয়, ম্যাসাচুসেটস, ওয়াশিংটন ও নিউ জার্সির অ্যাটর্নি জেনারেলরা যোগ দিয়েছেন।
ইউনিয়নগুলোর করা আরেকটি মামলার অভিযোগ, মাস্কের দল গোপনীয়তা–সংক্রান্ত আইন লঙ্ঘন করছে। বৃহস্পতিবার এক ফেডারেল বিচারক ট্রেজারি বিভাগকে নির্দেশ দিয়েছেন, শুধু দুজন ‘বিশেষ সরকারি কর্মচারী’ এই সিস্টেমে প্রবেশ করতে পারবে এবং তাদের প্রবেশাধিকার কেবল ‘রিড-অনলি’, অর্থাৎ তাদের শুধু পড়ার অনুমতি থাকবে।
এ ছাড়া ডজ যাতে শ্রম বিভাগ ও শিক্ষা বিভাগের তথ্যভান্ডারে প্রবেশ করতে না পারে, সে জন্য আরও কয়েকটি মামলা করা হয়েছে। যদিও বিচারক এই দাবি খারিজ করে দিয়েছেন।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের আকার কমিয়ে সরকারি ব্যয় হ্রাসের পরিকল্পনা করছেন ট্রাম্প। এই পরিকল্পনার অংশ হিসেবে দেশটির কেন্দ্রীয় সরকারের কয়েক লাখ কর্মচারীকে প্রণোদনার বিনিময়ে স্বেচ্ছায় পদত্যাগের প্রস্তাব দিয়েছেন তিনি।








