রুবেল ভূঁইয়া, স্টাফ রিপোর্টার
রাজধানী ঢাকায় আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) থেকে প্রগতি সরণির দুটি গুরুত্বপূর্ণ অংশে পানির পাইপলাইন স্থাপন কাজ শুরু করছে ঢাকা ওয়াসা। এ কারণে ওই সড়কগুলোতে যানজটের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
ঢাকা ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক ওয়াহিদুল ইসলাম মুরাদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, “ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রকল্প”-এর আওতায় প্যাকেজ–৩.১ (ডিস্ট্রিবিউশন রিইনফোর্সমেন্ট পাইপলাইন) কাজের অংশ হিসেবে প্রগতি সরণির সেকশন–ডি (নতুন বাজার থেকে রামপুরা ব্রিজ পর্যন্ত) এবং সেকশন–ই (নতুন বাজার থেকে কাকলী পর্যন্ত) অংশে আজ থেকে পাইপলাইন স্থাপন শুরু হচ্ছে।
প্রকল্পের আওতায় প্রায় ২৪ কিলোমিটার দীর্ঘ বিভিন্ন ব্যাসের (১৬০০ থেকে ৫৬০ মিলিমিটার) ডিআই ও এইচডিপিই পাইপলাইন বসানো হবে।
গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পাইপলাইন স্থাপনকাজ চলাকালে যান চলাচল অব্যাহত থাকবে। তবে রামপুরা ব্রিজ থেকে শুরু করে ৪০০ মিটার অন্তর অন্তর পর্যায়ক্রমে কাজের জায়গাগুলোয় সড়কের মিডিয়ান বরাবর উভয় পাশে ৩ মিটার করে দুটি লেনে যান চলাচল বন্ধ থাকবে। ফলে ওই এলাকায় যানবাহনের গতি কিছুটা মন্থর হবে।
ওয়াসার পক্ষ থেকে এই সময়ে প্রগতি সরণি ব্যবহারকারীদের যথেষ্ট সময় নিয়ে ঘর থেকে বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রয়োজনে বিকল্প সড়ক ব্যবহারেরও অনুরোধ জানানো হয়েছে।
কাজ চলাকালে ঢাকা ওয়াসা, ঠিকাদারি প্রতিষ্ঠান এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সমন্বয়ে যথাযথ ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করার আশ্বাস দিয়েছে সংস্থাটি।
ঢাকা ওয়াসা জানিয়েছে, প্রগতি সরণিতে চলাচলরত সব যানবাহনকে নির্দেশিত লেন ও গতিসীমা মেনে চলতে হবে। মেরামতকালীন সাময়িক অসুবিধার জন্য নাগরিকদের প্রতি দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।








