মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

উত্তরার বিমান দুর্ঘটনায় আহতদের পাশে জামায়াত, ২৪ ঘণ্টা সহায়তায় প্রস্তুত: ডা. শফিকুর রহমান

নাসরিন সুলতানা, স্টাফ রিপোর্টার:

ঢাকার উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসায় সব ধরনের সহায়তা দিতে ২৪ ঘণ্টা প্রস্তুত রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির আমির ডা. শফিকুর রহমান এ তথ্য জানান।

সোমবার (২১ জুলাই) বিকেলে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহতদের দেখতে গিয়ে তিনি বলেন, “আমরা এখানে এসে আহত ৫১ জনকে পেয়েছি। তাদের মধ্যে সাত-আটজন বাদে সবাই গুরুতর অবস্থায় রয়েছেন।”

তিনি জানান, “আমরা কর্তৃপক্ষকে আশ্বস্ত করেছি— যা কিছু প্রয়োজন হবে, আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে তা দিতে সর্বদা প্রস্তুত। ২৪ ঘণ্টা আমরা পাশে থাকতে চাই। যদিও কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী রয়েছে। তবে ভবিষ্যতে প্রয়োজন হলে যোগাযোগ করা হবে।”

আহতদের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে ডা. শফিক বলেন, “আল্লাহ যেন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা আমাদের সন্তানদের সুস্থ করে তোলেন। নিহতদের পরিবারের জন্য ধৈর্য ও সান্ত্বনার দোয়া করি।”

তিনি জানান, দুর্ঘটনায় নিহত প্রত্যেক পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হবে এবং চিকিৎসক ও অভিভাবকদের পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরও এই দুর্যোগে সক্রিয় ভূমিকা রাখছে বলে জানান তিনি।

ডা. শফিক আরও বলেন, “চিকিৎসা খাতে আমাদের দলের যেসব জনশক্তি আছে, তাদের আমরা প্রস্তুত রেখেছি। আমাদের যা কিছু আছে, তা দিয়েই আমরা চেষ্টা করব আহতদের সুস্থ করে তুলতে। বিনিময়ে আল্লাহ যেন আমাদের কলিজার টুকরোগুলোকে আবারও সুস্থ করে আমাদের বুকে ফিরিয়ে দেন।”

এ সময় জামায়াতের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি নুরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডা. শফিকুল ইসলাম মাসুদ, সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সেক্রেটারি এস এম ফরহাদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ