অনলাইন ডেস্ক:
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো রাজনৈতিক সভা-সমাবেশে জনদুর্ভোগ এড়াতে ব্যস্ত সড়ক এড়িয়ে বিকল্প স্থানে আয়োজন করা উচিত।
শনিবার (২৩ আগস্ট) রাজারবাগের বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ৩২টি রাজনৈতিক দল ও জোটের কেন্দ্রীয় ও মহানগর নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ অনুরোধ করেন।
কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, “নির্বাচনে ডিএমপির সর্বোচ্চ সংখ্যক ফোর্স মোতায়েন থাকবে। রাস্তা বন্ধ থাকলে গর্ভবতী নারী, মুমূর্ষু রোগী এবং পরীক্ষার্থীরা সময়মতো প্রয়োজনীয় স্থানে পৌঁছাতে পারবে না। তাই জনদুর্ভোগ এড়াতে সভা-সমাবেশের জন্য ৯১টি প্রস্তাবিত স্থান বিবেচনা করা যেতে পারে।”
প্রস্তাবিত স্থানগুলোর মধ্যে মতিঝিল বিভাগে ১৫টি, তেজগাঁওয়ে ১২টি, লালবাগে ১৭টি, ওয়ারীতে ১৪টি, গুলশানে ৮টি, মিরপুরে ১১টি, উত্তরায় ১০টি এবং রমনায় ৪টি স্থান অন্তর্ভুক্ত রয়েছে।
সভায় অংশগ্রহণকারী রাজনৈতিক নেতারা নগরীর প্রধান সমস্যা যেমন যানজট, মাদক বিস্তার ও কিশোর গ্যাং-এর উৎপাত তুলে ধরে পুলিশকে সহযোগিতার অঙ্গীকার করেন। এছাড়া নির্বাচন সামনে রেখে যে কোনো ধরনের নাশকতার বিষয়ে পুলিশকে সতর্ক থাকার আহ্বান জানান তারা।
অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার বলেন, “ঢাকা মহানগরীতে যানজট নিরসনে পুলিশ নিরলসভাবে কাজ করছে। ২৫টি সংস্থার সম্মিলিত প্রচেষ্টায় পরিস্থিতি আরও উন্নত করা সম্ভব।”
অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ বলেন, “দীর্ঘদিন পর দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা উপস্থিত থাকবেন। আমরা একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন নিশ্চিত করার চেষ্টা করব।”








