পথে প্রান্তরে ডিজিটাল ডেস্ক:
রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে ৮ হাজার পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতের নাম আনোয়ার হোসেন ওরফে আনা (৪২)।
শনিবার (২ আগস্ট ২০২৫) দুপুর আনুমানিক ১২টা ৪০ মিনিটে উত্তরা ১২ নম্বর সেক্টরের ৩ নম্বর সড়কের ৩৬ নম্বর বাড়ির সামনে স্বপ্ন সুপার শপের পাশে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানা পুলিশের একটি বিশেষ টিম ওই এলাকায় চেকপোস্ট স্থাপন করে। এসময় সন্দেহভাজন একটি নীল রঙের টয়োটা প্রভক্স গাড়িতে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ গাড়িচালক আনোয়ারকে আটক করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনোয়ার জানায়, ইয়াবার চালানটি কক্সবাজার থেকে সংগ্রহ করে উত্তরা এলাকায় বিক্রির উদ্দেশ্যে আনছিল। পুলিশ জানায়, তার বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
আটক আনোয়ার হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।








