,

ধানমন্ডিতে মব তৈরি করা সমন্বয়ক চাঁদাবাজি করতে গিয়ে মোহাম্মদপুরে গ্রেফতার

পথে প্রান্তরে ডেস্ক 

ধানমন্ডি এলাকায় মব তৈরি করে চাঁদা দাবি করা সেই সমন্বয়কসহ রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকার একটি বেসরকারি ক্লিনিকে চাঁদাবাজির সময় ৪ জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বসিলা হাউজিং সিটি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—সাইফুল ইসলাম রাব্বি (২৮), হাসিবুর রহমান ফরহাদ (৩১), আবদুর রহমান মানিক (৩৭) ও আবু সুফিয়ান (২৯)।

গ্রেফতারকৃত সবাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মোহাম্মদপুর থানা শাখার পদধারী নেতা।

এর আগে, গত ১৯ মে রাত ১১টার পর ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে হাক্কানী পাবলিশার্সের চেয়ারম্যান গোলাম মোস্তফার বাসা ঘেরাও করে উত্তেজিত জনতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এরপর বাসার দারোয়ানকে ধাক্কা দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করেন তারা। ৯৯৯-এ কল করে অভিযোগ করার পর ঘটনাস্থলে আসে পুলিশ। গোলাম মোস্তফাকে গ্রেফতারে চাপ সৃষ্টি ও পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন উপস্থিত কয়েকজন। এ ঘটনায় বৈষম্যবিরোধী আন্দোলন মোহাম্মদপুর থানার সমন্বয়ক রাব্বি সহ কয়েকজনকে হেফাজতে নেয় ধানমন্ডি থানা পুলিশ। পরদিন ধানমন্ডি থানায় উপস্থিত হয়ে বৈষম্যবিরোধী নেতা হান্নান মাসুদ মুচলেকা দিয়ে তাদের ছাড়িয়ে আনেন।

চাঁদাবাজির ঘটনায় স্থানীয়রা জানান, আজ সন্ধ্যায় সমন্বয়ক পরিচয়ে ‘সেফ হাসপাতাল’ নামক একটি হাসপাতালে মৃত শিশু প্রসবকে কেন্দ্র করে একটি চক্র চাঁদা দাবি করছিল। এ সময় তারা হাসপাতালের মালিকের কাছে চাঁদা চাইতে গিয়ে মব তৈরি করে। ঘটনাটি দেখে হাসপাতালের মালিক সেনাবাহিনীকে ফোন করলে তারা এসে চারজনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

ঘটনার বাদী শিল্পী আক্তার জানান, “আমার হাসপাতালে একটি মৃত শিশু জন্ম নেওয়াকে কেন্দ্র করে আজ সন্ধ্যায় কয়েকজন এসে আমাকে চাঁদা চেয়ে হুমকি দেয়। কয়েক দফায় তারা আমার ও আমার ছেলের কাছে চাঁদা চাইছিল। আমি অস্বীকৃতি জানালে তারা আরও কয়েকজন সমন্বয়ক পরিচয়ে আমার প্রতিষ্ঠানে যায়। আমি সেনাবাহিনীকে ফোন করলে তারা এসে জিজ্ঞাসাবাদ শেষে ৪ জনকে থানায় নিয়ে যায়। পরে আমি থানায় গিয়ে তাদের বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা করেছি।”

এ বিষয়ে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী রফিক জানান, “চাঁদাবাজির ঘটনায় চারজনকে আটক করে সেনাবাহিনী আমাদের কাছে হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে একজন হাসপাতাল মালিক মামলা করেছেন। আটক চারজনের মধ্যে রাব্বির নামে আগেও চাঁদাবাজির মামলা ছিল। আমরা আইনানুগ ব্যবস্থা নিয়ে তাদের আদালতে পাঠাবো।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ